গাজীপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরে বাস চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
বোর্ডঘর এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনায় নিহতরা হল ওই এলাকার মতিয়ার মিয়ার মেয়ে মোমেনা আক্তার (১০) এবং শাহজাহান মিয়ার ছেলে মিজানুর (৮)।
গোড়াই হাইওয়ে থানার ওসি ছানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোমেনা ও মিজানুর খেলা শেষে বাড়ি ফেরার পথে আলজামি হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এসে এলাকাবাসীদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ দুটি স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। বাসটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১০৪ ঘ.
bdnews24