গোপালগঞ্জ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোর করে এক তরুণীর নগ্ন ছবি তুলে তার বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ পুলিশ।
টিটুল মোল্লা (৩০) নামে ওই যুবককে বুধবার রাতে টুঙ্গীপাড়া উপজেলার নিলফা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে পুুলিশ জানিয়েছে।
টুঙ্গিপাড়ার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা এক মাদ্রাসাছাত্রীকে বিবস্ত্র করে সেই ছবি তুলে ওই তরুণীর বিয়ে আটকাতে হবু বরের কাছে ওই ছবি টিটুল পাঠিয়েছিল বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মো. জাকির হোসেন।
এই ঘটনায় ওই তরুণী বাদি হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলার তদন্ত করছেন জাকির।
মামলায় অভিযোগ করা হয়, টিটুল মোল্লা বোন ডেকে পাশের গ্রামের ওই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে টিটুল তাকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন বাদি।
কিছু দিন আগে মধ্যপ্রাচ্য প্রবাসী এক ব্যক্তির সঙ্গে ওই তরুণীর বিয়ে ঠিক হয়। এতে ক্ষিপ্ত হয়ে টিটুল কৌশলে বাদিকে গোপালগঞ্জ শহরে নিয়ে আটকে বিবস্ত্র অবস্থায় ছবি তোলে বলে মামলায় অভিযোগ করা হয়, যা পরে হবু স্বামীর কাছে পাঠিয়ে দেন টিটুল।
মামলার পর টিটুলকে গ্রেপ্তার করা হয় জানিয়ে উপপরিদর্শক জাকির সাংবাদিকদের বলেন, ওই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৫০ ঘ.
bdnews24