২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচিত একটি স্থান চিনতে পেরেছে ইয়াসমিন

লঞ্চ দুর্ঘটনায় মা-বাবা হারানো ইয়াসমিন আক্তার শান্তা সাত বছর পর তার পরিচিত চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার ‘বিকল্প লঞ্চঘাট’ এলাকাটি চিনতে পেরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

চাঁদপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লঞ্চ দুর্ঘটনায় মা-বাবা হারানো ইয়াসমিন আক্তার শান্তা সাত বছর পর তার পরিচিত চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার ‘বিকল্প লঞ্চঘাট’ এলাকাটি চিনতে পেরেছে। এখান থেকেই সে ছোটবেলায় বাবার কোলে উঠে লঞ্চে চড়ত বলে জানান শান্তা। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা ইয়াসমিনকে নিয়ে শহরের কয়েকটি স্থান ঘুরে ‘বিকল্প লঞ্চঘাটে’ এলে সে জায়গাটি চিনতে পারে। ২০০৫ সালে লঞ্চ দুর্ঘটনায় মা-বাবাকে হারায় ইয়াসমিন। দুর্ঘটনার পরই সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এ অবস্থায় তার সঙ্গে ঢাকায় পরিচয় হয় চট্টগ্রামের ট্রাক সহকারী সাহেদের। এরপর থেকে ইয়াসমিন ছিলেন সাহেদের বাড়িতে। গতবছর এক দুর্ঘটনার পর ইয়াসমিন আবার স্মৃতিশক্তি ফিরে পেতে শুরু করে। বলতে শুরু করে নিজের অতীত জীবনের কথা। ইয়াসমিন জানায়, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে, কিন্তু সঠিক ঠিকানা সে বলতে পারে না। ঢাকায়ও তাদের একটি বাড়ি আছে মাতুব্বর বাজারের কাছে। কাছাকাছি একটি ইংরেজি মাধ্যম স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়তো সে। স্কুলের নাম ম্যাক্সাসাইট। পুরো নাম মনে নেই তার। ইয়াসমিনের এই ঘটনা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশ হলে চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহাও ইয়াসমিনের স্বজনদের খুঁজে পেতে সহযোগিতার আশ্বাস দেন। বুধবার রাতে সাহেদ জেলা প্রশাসনের আমন্ত্রণে ও চিকিৎসকের পরামর্শে বোন ইয়াসমিনকে নিয়ে চাঁদপুর আসেন। দুপুরে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুরে জান্নাতসহ একদল সাংবাদিক নিয়ে পরিচিত জায়গার খুঁজতে বেরোন তারা। এ সময় ইয়াসমিন সাংবাদিকদের জানায়, ঢাকা থেকে লঞ্চে চাঁদপুর আসার পর বাসস্ট্যান্ড এসে সে মা-বাবার সঙ্গে বাড়িতে যেত। বাসস্ট্যান্ড থেকে গাড়িতে তাদের বাড়ি যেতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগত। ইয়াসমিনের কথামতো তাকে প্রথমে বাসস্ট্যান্ড নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কোনো কিছু ঠিকভাবে স্মরণ করতে পারছিলো না সে। পরে তাকে নিয়ে যাওয়া হয় শহরের মাদ্রাসা রোড এলাকার ‘বিকল্প লঞ্চঘাট’ এলাকায়। এখানে এসেই ইয়াসমিন আনন্দে চিৎকার করে ওঠে। আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, “বর্ষায় এখানে পানি ছিল। বাবা কোলে করে আমাকে লঞ্চে উঠায়।” ইয়াসমিন হারিয়ে যাওয়া দিনের কথা স্মরণ করতে গিয়ে বলে, “লঞ্চে যাচ্ছিলাম আমরা। লঞ্চের ভেতর আমি মা-বাবার পাশেই ছিলাম। ঝাল মুড়ি আনতে মায়ের কাছ থেকে টাকা নিয়ে ছাদে গেলাম।” এমন সময় হঠাৎ ঝড় উঠলে তাদের লঞ্চ উল্টে যায় জানিয়ে ইয়াসমিন বলে, “জ্ঞান ফিরে দেখি, আমার পাশে সারি সারি লাশ। এক পুলিশ আঙ্কেল ওই লাশের ভিড়ে আমার মা-বাবাকে দেখালেন। বললেন, তারা মারা গেছেন। এরপর আমি আর কিছু জানি না।” ইয়াসমিন ও সাহেদ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সঙ্গে দেখা করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুর রউফ, সদর উপজেলা ইউএনও শাহীনুর শাহীন খানের সঙ্গেও দেখা করেন তারা। জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা বলেন, যেহেতু মেয়েটি চাঁদপুরের অধিবাসী বলে দাবি করছে তাই এই দাবির প্রতি সম্মান জানিয়ে তার স্বজনদের খুঁজে বের করা নৈতিক দায়িত্ব। সাহেদ সাংবাদিকদের জানান, ঢাকার মোহাম্মদপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় ২০০৬ সালের শেষ দিকে ইয়াসমিনকে পান তিনি। তখনই জানতে পারেন, ইয়াসমিনের বাবা-মা লঞ্চ দুর্ঘটনায় মারা গেছেন। “আমি ইয়াসমিনকে চট্টগ্রামের পটিয়া থানার শিকলপড়া চরহাজারি গ্রামে আমাদের বাড়ি নিয়ে যাই। সেখানে তাকে ছোট বোনের মতো স্নেহ-মমতা দিয়ে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য স্কুলে ভর্তি করাই।” ২০১০ সালে হঠাৎ করে ইয়াসমিন জ্ঞান হারিয়ে ফেলে জানিয়ে সাহেদ বলেন, ২০১২ সাল পর্যন্ত সে চার বার জ্ঞান হারায়। “একদিন ইয়াসমিন তার বাড়ি চাঁদপুরে জানিয়ে বলে, তার বাবা রকি সেনাবাহিনীতে চাকরি করতেন এবং মা রিয়া মুন্নী ডাক্তার ছিলেন।” “ঢাকায় ও চাঁদপুরে তাদের দুটি বাড়ি রয়েছে বলে জানায় ইয়াসমিন।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাহেদ বলেন, “স্বজনদের পেয়ে ইয়াসমিন ফিরে গেলে খুবই খারাপ লাগবে। আমি ইয়াসমিনকে হারাতে চাই না। “ওকে আমি ছোট বোনের মতো স্নেহ করি।” এ সময় ইয়াসমিনও বলে, সে ভাই সাহেদকে ছেড়ে যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৯৫৭ ঘ.