চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে কোস্টগার্ডের তাড়া খেয়ে সমুদ্রে ডুবে এক ‘ডাকাতের’ মৃত্যু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আরো দুই জনকে।
মোহাম্মদ শাহীন (৩২) নামে নিহত ওই ডাকাত বাগেরহাট জেলার মংলা উপজেলার বাসিন্দা ছিলেন।
গ্রেপ্তারকৃত দুই জন হলেন- বাগেরহাটের মংলা উপজেলার মালগাছি গ্রামের খলিলুর রহমান (৪২) ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর তোফাজ্জল গ্রামের মো. সিরাজ।
তাদের কাছ থেকে দুটি ছুরি ও একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে আলফা অ্যাংকরেজের কাছে আন্দাকিনী নামক মার্কিন জাহাজে তারা ডাকাতির চেষ্টা করছিলো। এ সময় কোস্টগার্ডের তাড়া খেয়ে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পতেঙ্গা জেলেপাড়া সংলগ্ন উপকূলের দিকে তারা পালিয়ে যায়।
কোস্টগার্ড কর্মকর্তা ইউসুফ জানান, তাদের পুনরায় ধাওয়া দিলে তিন ডাকাত নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়ে। তাদের উদ্ধার করার পর শাহীন অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপর দুই ডাকাত সদস্যকে চিকিৎসা দেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা থানায় দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৬৫৯ ঘ.
bdnews24