২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলী সরকারের সঙ্গীকেও হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

বগুড়া, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার কাহালু উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে তার সঙ্গীসহ কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত খোরশেদ আলী সরকার (৩৫) বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং সঙ্গী মুনছুর রহমান (৪৭) তার দোকানের কর্মচারী। বুধবার রাতে উপজেলা সদরের কাছেই দুষ্কৃতকারীরা দুজনকে কুপিয়ে হত্যা করে বলে জানান কাহালু থানার ওসি মোজাম্মেল হক। কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগের প্রতিপক্ষ খোরশেদকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার ছেলে সাইদ সরকার। খোরশেদ ও মনছুরের সঙ্গে থাকা বাবলুকেও কুপিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে খোরশেদ সদরের একটি দর্জির দোকান থেকে দুই সঙ্গীকে নিয়ে মটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা দুস্কৃতকারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই মুনছুর মারা যান। খোরশেদ রাত সাড়ে ১০টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলায় জড়িত সন্দেহে রাতেই এলাকার শহীদ (৫৮) হিরু (৫৫) তাপস (২২) ও ইউপি সদস্য মগর আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬০০ ঘ.