ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুগান্তরের বিরুদ্ধে মানহানির একটি মামলার বাদি হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার ঢাকার হাকিম আদালতে সাক্ষ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিদেশ ভ্রমণের নামে অর্থ অপচয়ের যে অভিযোগ যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, তা সত্য নয়।
মন্ত্রী সাক্ষ্য দেওয়ার সময় মামলার বিবাদি যুগান্তরের সম্পাদক-প্রকাশক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম এবং প্রতিবেদক জসীম চৌধুরী সবুজ আদালতে হাজির ছিলেন।
সাক্ষ্য দেওয়ার পর হাকিম হারুন অর রশীদ আগামী ২৫ এপ্রিল শুনানির পরবর্তী দিন ঠিক করেন। সেদিন বিবাদির আইনজীবীরা বাদি শাজাহানকে জেরা করবেন।
গত বছরের ২৪ ও ২৫ অগাস্ট যুগান্তরে প্রকাশিত দুটি প্রতিবেদনকে মিথ্যা ও মানহানিকর অভিহিত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন শাজাহান খান।
গত ১ ফেব্রুয়ারি যুগান্তর সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।
আদালতে শাজাহান খান বলেন, তিনি পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার বাবা আসমত আলীও তিন বার সংসদ সদস্য ছিলেন।
“আমাদের পরিবারের ঐতিহ্য রয়েছে। বিদেশ ভ্রমণের জন্য আমাদের সরকারি টাকার প্রয়োজন পড়ে না,” বলেন তিনি।
যুগান্তরে প্রকাশিত সংবাদ অসত্য দাবি করে এ জন্য সংবাদপত্রটির প্রকাশক-সম্পাদক, নির্বাহী সম্পাদক ও প্রতিবেদকের শাস্তি চেয়েছেন মন্ত্রী।
গত বছরের ২৪ অগাস্ট যুগান্তরে প্রকাশিত ‘অভিজ্ঞতা অর্জনের নামে কোটি কোটি টাকা অপচয় : ১৮ বার বিদেশ সফর’ এবং ২৫ অগাস্ট ‘নৌখাতে অহেতুক অপচয়’ শিরোনামের দুটি প্রতিবেদনে নৌমন্ত্রীর বিরুদ্ধে অপচয়ের অভিযোগ করা হয়।
ওই দুটি প্রতিবেদন বস্তুনিষ্ঠ নয় এবং মানহানিকর অভিযোগ করে গত বছরের ১৩ সেপ্টেম্বর মামলাটি করেন শাজাহান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫৩১ ঘ.
bdnews24