আবু সুফিয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুল জারির ২২ দিন পর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্ত রিপোর্ট বুধবার আদালতে জমা দেওয়া হয়েছে।”
তবে প্রতিবেদনে কী বলা হয়েছে সে সম্পর্কে কিছু বলেননি তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, “তদন্তের অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে এর বিস্তারিত কিছু আমি জানি না।”
গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় ‘অজ্ঞাতপরিচয়’ ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা হয়েছে, যার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সাগর-রুনির খুনিরা গ্রেপ্তার না হওয়ায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট আবেদন করলে হাই কোর্ট বেঞ্চ গত ২৮ ফেব্রুয়ারি একটি রুল জারি করে।
এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় খুনিদের বিচারের আওতায় আনার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ডিবির উপকমিশনার (দক্ষিণ) ও শেরেবাংলা থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়। যার সময় শেষ হয় ১৩ মার্চ।
গত ১২ই মার্চ মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুল জারির পর তার আদেশ সংক্রান্ত নথি ৩/৪ দিন পর হাতে পাওয়ার কারণে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দিতে একটু দেরি হচ্ছে।
মঙ্গলবার দুপুরের পর হাই কোর্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেনকে ডেকে রুলের জবাব না দেওয়ার কারণ জানতে চান।
এর উত্তরে সরকারের এই আইন কর্মকর্তা বলেন, “আইজিপি অফিস থেকে আমাকে জানিয়েছে, তারা এখানো আদেশের লিখিত কপি পায়নি।”
এরপর ২২ মার্চের (বৃহস্পতিবার) মধ্যে সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।
সাগর-রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিকরা সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসচি পালন করে আসছেন। তারা বলছেন, হাই কোর্টের ওই রুলের কারণেই এ মামলা হিমাগারে চলে যাচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ওই রুলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ মামলা নিয়ে তদন্তের সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য না দিতে পুলিশকে নির্দেশ দেয় আদালত। এছাড়া এই হত্যাকাণ্ড নিয়ে ‘মনগড়া’ সংবাদ প্রকাশ বন্ধে তথ্য সচিবকে ব্যবস্থা নিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরএ/পিডি/২০৪৪ ঘ.
bdnews24