শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সৌদি দূতাবাস কর্মকর্তা নিহতের ঘটনায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপে সৌদি সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন মন্ত্রী।
দীপু মনি বলেন, “বাংলাদেশের নেওয়া পদক্ষেপ আজ (বুধবার) সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি জানিয়েছি।”
“পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল আল-সৌদ বলেছেন, ‘বাংলাদেশের প্রতি সৌদি কর্তৃপক্ষের পূর্ণ আস্থা আছে’।”
“তিনি আমাদের পদক্ষেপের প্রশংসা করেছেন।”
গত ৬ মার্চ রাজধানীর গুলশানে নিজ বাসভবনের কাছে গুলিবিদ্ধ হন সৌদি আরবের ঢাকা দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোর ৫টায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হত্যাকাণ্ডের পরপর সরকারের প্রতি দাবি জানিয়েছিল সৌদি আরব।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে করেন প্রায় এক ঘণ্টা। এ সময় সৌদি বাদশাকে পাঠানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি হস্তান্তর করেন দীপু মনি।
পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ২০ মার্চ রিয়াদে পৌঁছায়। আগামী শনিবার তাদের দেশে ফেরার কথা।
সৌদি কর্তৃপক্ষ চাইলে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে দল পাঠাতে পারে- বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন উল্লেখ করে দীপু মনি বলেন, “তিনি বলেছেন, তারা একটি দল পাঠাবেন।”
“বিষয়টির সুরাহা হবে বলে তারা আশা করেন।”
“সৌদি মন্ত্রী আমাকে বলেছেন, তারা চান অপরাধীদের বিচারের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা হোক।”
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে দীপু মনি জানান, বাংলাদেশে কোনো দূতাবাস কর্মকর্তা খুন হওয়ার ঘটনা এটিই প্রথম।
“আমি তাকে বলেছি, ঢাকায় ব্রিটেনের সাবেক হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়েছিল। তবে গত তিন বছরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিয়েছি।”
“সৌদি মন্ত্রী জানিয়েছেন সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তিনি অবগত রয়েছেন।”
বাণিজ্য ও বিনিয়োগ
সৌদি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে জানান, ভবিষতে বিভিন্ন সহায়তা প্রকল্প চালিয়ে যাবে সৌদি আরব।
দীপু মনি বলেন, “পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের জন্য আইডিবির ঋণ ও সৌদি সরকারের অন্যান্য সহায়তা প্রকল্পের জন্য আমি তাদের অভিনন্দন জানিয়েছি।”
বিনিয়োগ সম্পর্কে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রের এ দেশটির সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি করার পর বাংলাদেশে আরো বিনিয়োগ আসবে।
সর্বোচ্চ সম্মান
দীপু মনি বলেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের প্রতি সর্বোচ্চ সম্মান ও তাদের প্রতি সদিচ্ছা প্রকাশ করেছে সৌদি সরকার।
“সৌদি মন্ত্রী আমাকে বলেছেন, কেউ যদি মনে করে বাংলাদেশিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় তাহলে তারা ভুল করছে।”
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে দীপু মনি জানান, সেখানে কর্মরত বাংলাদেশিদের কোনো ক্ষতি করার বা তাদের কষ্ট বাড়ানোর কোনো ইচ্ছা সৌদি সরকারের নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি মন্ত্রী তাকে বলেছেন, বর্তমানে তার দেশ বেকারত্ব সমস্যার মুখে রয়েছে এবং সেকারণে বিদেশি শ্রমিক নিয়োগের পুরো প্রক্রিয়া পর্যালোচনা করছে।
“প্রিন্স আমাকে নিশ্চিত করেছেন যে, এ প্রক্রিয়া পুনর্বিবেচনার সময় আমাদের উদ্বেগের বিষয়টি বিবেচনা করা হবে।”
সৌদি আরবে বর্তমানে প্রায় ২৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছে এবং গত বছর তারা প্রায় চারশ’ কোটি ডলার রেমিট্যান্স পাঠায়।
বর্ষাকাল
দীপু মনি জানান, বাংলাদেশের বর্ষাকালের প্রতি তার ভালো লাগা প্রকাশ করে আবারো এদেশের বর্ষ দেখার ইচ্ছা প্রকাশ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
প্রতিক্রিয়ায় তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বর্ষায় বাংলাদেশের আসার আমন্ত্রণ জানান।
তিনি বলেন, “তিনি আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন।”
“তিনি বলেছেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার সময়ও বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে তা নিজ চোখে দেখার জন্য তিনি বাংলাদেশে আসতে চান।”
উভয় দেশের নেতা বিশ্ব মুসলিম উম্মাহ এবং এক্ষেত্রে সৌদি আরবের নেতৃত্ব নিয়েও আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২০৫০ ঘ.
bdnews24