২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ভাই পরিচয়ে প্রতারণা, ধোলাইয়ের পর থানা

রাষ্ট্রপতির চাচাত ভাই হিসেবে পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন একজন। অন্যজন প্রতারণা চালিয়ে আসছিলেন সিআইডি কর্মকর্তার আত্মীয় পরিচয়ে। এই দুই প্রতারককে আটক করে ধোলাইয়ের পর পুলিশে দিয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 04:00 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

নারায়ণগঞ্জ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির চাচাত ভাই হিসেবে পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন একজন। অন্যজন প্রতারণা চালিয়ে আসছিলেন সিআইডি কর্মকর্তার আত্মীয় পরিচয়ে। এই দুই প্রতারককে আটক করে ধোলাইয়ের পর পুলিশে দিয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মানুষ। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিরাঝিলের রজ্জব আলী সুপার মার্কেটের দোতলায় ‘সরকার এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন মধু বিশ্বাস ও শাহ আলম নামের দুই প্রতারক। এদের মধ্যে শাহ আলম নিজেকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের চাচাতো ভাই হিসেবে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। আর মধু বিশ্বাস একই কাজ করছিলেন নিজেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে। তাদের এই দাবি নিয়ে সন্দেহ হলে স্থানীয় লোকজন বুধবার বিকালে ওই প্রতিষ্ঠানে গিয়ে তাদের চ্যালেঞ্জ করে। এতে তারা একেক সময় একেক রকম কথাবার্তা বললে শুরু হয় গণধোলাই। এরপর পুলিশ ডেকে তাদের ধরিয়ে দেওয়া হয়। ওসি কামরুল আলম মোল্লা বলেন, “আটক দুজনের বিরুদ্ধে প্রতারণা মামলা করার প্রস্তুতি চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৫০ ঘ.