ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের পর ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় ছয় জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
বহিষ্কৃতরা হলেন- ইমরান, সোহেল, রফিক, হিমেল, জালাল ও বিনয় সরকার।
দুপুরের পর প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। বিকাল ৫টার দিকে পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে সংঘর্ষরত শিক্ষার্থী ও ব্যবসায়ীদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় সুনীল ঘোষ নামে জনতা ব্যাংকের এক কর্মচারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মো. ইনসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের সময় ব্যাংকের বাংলাবাজার শাখার কর্মচারী সুনীল ব্যাংকের বাইরে দাঁড়ানো ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে পাশের সুমনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
চশমা কেনাকে কেন্দ্র করে এক দোকানকর্মীকে ছুরিকাঘাতের জের ধরে শিক্ষার্থী-ব্যবসায়ী এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
চশমা বণিক সমিতির সদস্য কাজী জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দরকষাকষির এক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র নূর অপটিকস নামের চশমা দোকানের কর্মচারী ইমরান হোসেনকে (২৮) ছুরিকাঘাত করে চলে যায়।
ওই ঘটনার পর ব্যবসায়ী এবং কর্মচারীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়ি, একটি ব্যাংকের দরজা-জানালা এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভাংচুর করে।
এরপর শিক্ষার্থীরা জোট বেঁধে ব্যবসায়ী-কর্মচারীদের ওপর পাল্টা হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
আশরাফুল আলম নামে এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়ী-কর্মচারীরা কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালিয়েছে।”
সংঘর্ষের সময় ঢাকা কলেজিয়েট স্কুলের শতশত শিশু শিক্ষার্থী আটকা পড়ে। সংঘর্ষ থামলে তারা বাড়ির পথে রওনা হয়।
ছুরিকাঘাতে আহত ইমরানকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএইচ/এমআই/২০০৮ ঘ.
bdnews24