চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কোতোয়ালি থানার চট্টেশ্বরী রোড থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টেশ্বরী রোডের চিটাগাং গ্রামার স্কুলের বিপরীতে সার্সনরোডের মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মফিজ আলমের (৩২) বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। তিনি নগরীর বায়েজিদ থানার ওয়াপদা গেইট এলাকার মীরপাড়ায় পরিবারসহ ভাড়া থাকেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ সাংবাদিকদের জানান, মফিজের হাতে থাকা একটি চটের ব্যাগসহ তাকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মফিজ দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
দুপুরে থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হলে মফিজ জানান, বাবুল ও জাকির নামে তার দুই সহযোগীও এই অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত। অজ্ঞাতস্থান থেকে বাবুল অস্ত্র সংগ্রহ করে। বাবুলের নির্দেশে ক্রেতার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে তিনি এসব অস্ত্র পৌঁছে দিতেন।
বাবুল ও জাকির চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও দাবি করেন মফিজ। মফিজসহ পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫৫৬ ঘ.
bdnews24