চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের তিনদিন আগেই শেষ হলো চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
মঙ্গলবার রাতে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামের বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু হিসাবে নগরীর হালিশহরে পানি উন্নয়ন বোর্ডের ৩৫ একর ভূমি বরাদ্দ দেওয়া হবে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “চট্টগ্রাম চেম্বার ব্যতিক্রমধর্মী বলেই নিজস্ব অর্থায়নে দেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ করতে সক্ষম হয়েছে।”
অন্যদের মধ্যে চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
গত ২৪ ফেব্র“য়ারি পলোগ্রাউন্ড মাঠে শুরু হওয়া এ মেলা শেষ হওয়ার কথা ছিল ২৩ মার্চ। লোক সমাগম ও বিক্রি ভালো চললেও তিন দিন আগেই মেলা শেষের ঘোষণা দেয় আয়োজক কর্তৃপক্ষ।
চেম্বার নেতৃবৃন্দ বলছেন, এবার মেলা আগে শুরু করার কথা থাকলেও তারা পারেননি। এ কারণেই ২৩ মার্চ পর্যন্ত মেলা চালানো হচ্ছে না।
তবে সংশ্লিষ্টদের মধ্যে অনেকেরই ধারণা, আগামী ২৮ মার্চ এই মাঠে প্রধানমন্ত্রীর মহাসমাবেশের প্রস্তুতির জন্যই কমিয়ে আনা হয়েছে বাণিজ্যমেলার সময়।
এবারের বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ প্যাভেলিয়ান ও শ্রেষ্ঠ স্টলকে পুরস্কৃত করা হয় সমাপনী অনুষ্ঠানে।
এবছর প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন গ্র“পে প্রথম হয়েছে সানোয়ারা গ্র“প অব কোম্পানিজ। মিনি মেগা প্যাভিলিয়নে প্রথম হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড প্রথম হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১০৭ ঘ.
bdnews24