২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালত একটি কারখানার গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ময়মনসিংহ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালত একটি কারখানার গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে শ্রমিকদের লাঠির আঘাতে ভালুকা মডেল থানার কনস্টেবল সোহেল (৩৫) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার ভালুকা উপজেলার ভরাডোবায় এক্সপেরিয়েন্স মিলে এ ঘটনার পর শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। প্রায় আড়াই ঘণ্টা পর বেলা ১টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। ভালুকা মডেল থানার ওসি জাকিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মিলের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল ৯টায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এক্সপেরিয়েন্স মিলের বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন ও মিলটি বন্ধ করে দেয়। এরপর মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। পরে ময়মনসিংহ থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এ ব্যাপারে মিলের উৎপাদন ব্যবস্থাপক (পিএম) মোস্তফা কামাল পিন্টু বলেন, বুধবার সকাল ১০টায় মিলের মালিক আসার পর এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। ভরাডোবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম তরফদার জানান, ওই মিলের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে কিছুদিন আগে ঢাকায় পরিবেশ অধিদপ্তরে একটি অভিযোগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.