পটুয়াখালী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর দুমকি উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
এরপর বাসটি খাদে পড়ে গেলে পাঁচজন যাত্রী আহত হন।
লেবুখালী-বাউফল-গলাচিপা সড়কে মন্ডলবাড়ীর সামনে মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কামাল (২০) দুমকীর আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচরের মো. রুহুল আমিন হাওলাদারের ছেলে।
আহতদের মধ্যে আব্দুল্লা আল নোমান, সবুজ মিয়া, জয়নব বিবিসহ পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী লেবুখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. রশিদ প্যাদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গলাচিপাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী ভাড়ায় চালিত মোটরসাইকেলটির সংঘর্ষে কামাল ঘটনাস্থলে নিহত হন।
এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দুমকি থানার উপ-পরিদর্শক মো. সাঈদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটির চালক ও সহকারী পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৬ ঘ.
bdnews24