ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১৩ লাখ জেলেকে জাতীয় পরিচয়পত্রের বাইরে ৮৫ কোটি টাকা ব্যয়ে আলাদা পরিচয়পত্র দেবে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে (একনেক) এ লক্ষে এ প্রকল্পসহ প্রায় দুই হাজার কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
২০১৫ সালের জুনের মধ্যে ৬৪ জেলার ৪৮২ উপজেলায় জেলেদের এ কার্ড দেওয়া হবে।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় ‘রেজিস্ট্রেশন অব ফিশারম্যান এন্ড প্রভাইডিং দেম আইডেনটিটি কার্ডস’ শিরোনামের এ প্রকল্প বাস্তবায়ন করবে।
প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের বাইরে এই ১৩ লাখ জেলের আলাদা নিবন্ধন হবে। প্রাথমিক পর্যায়ে উপজেলা পর্যায় থেকে এই তালিকা করা হবে।
ওই তালিকার সূত্র ধরে ‘আইডি কার্ড’ তৈরি ও বিতরণ করা হবে। জেলেদের একটি পূর্ণাঙ্গ ‘ডাটা বেজ’ তৈরি করা হবে। যাতে ছবি ও অন্যান্য যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
এই পরিচয়পত্রের মাধ্যমে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলেদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে প্রকল্পের কার্যপত্রে উল্লেখ করা হয়।
বৈঠক শেষে ভারপ্রাপ্ত পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জানান।
এছাড়া বৈঠকে আরও পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সেগুলো হলো- এক হাজার ২২৪ কোটি টাকার ‘অগমেন্টেশন অব গ্যাস প্রডাকশন আনডার ফাস্ট ট্র্যাক’ প্রজেক্ট (সংশোধিত), ৩৪০ কোটি টাকার ‘বৃহত্তর কুষ্টিয়া জেলা উন্নয়ন’ প্রকল্প, ৩০ কোটি টাকার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প, ৪৫ কোটি টাকার সাহেব বাজার-গৌরাঙ্গ মোড় সড়ক নির্মাণ প্রকল্প, ৪০ কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর আধুনিকায়ন এবং ১৯৪ কোটি টাকার ইকনোমিক সেনসাস-২০১৩ প্রজেক্ট।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২০০৪ ঘ.
bdnews24