২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপানে বছরে ৫৭ হাজার প্রাণক্ষয়

সংসদে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ধূমপানজনিত কারণে প্রতিবছর ৫৭ হাজার লোক মারা যাচ্ছে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানানোর পাশাপাশি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কমানোসহ মৃত্যুর ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোগীদের সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে প্রতিটি হাসপাতালে চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত দেশে ১১ হাজার ৭২৪টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১১০০টি স্থাপিত হয়েছে বর্তমান সরকারের আমলে। এসব ক্লিনিকের মধ্যে ১১ হাজার ২৬২টিতে পুরোপুরি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ঢাকা শহরে ৬১০টি বেসরকারি ক্লিনিক এবং ১ হাজার ৩৩টি রোগ নিরূপণ কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) রয়েছে বলে মন্ত্রী জানান। আরেক প্রশ্নের জবাবে রুহুল হক জানান, দেশে নিবন্ধনপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা ৫৭ হাজার ৮৭৫ জন। এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে কর্মরত ৩ হাজার ৫৮৫ জন। তবে ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকের পদের সংখ্যা ৪ হাজার ৩৯২টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/১৮০৩ ঘ.