ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা ডাকাতির মামলার বাদিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে সিআইডি।
বাদি আবদুল মালেকের সঙ্গে আবদুল হামিদ নামে আরো এক বালু ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সিআইডির হেফাজতে পাঠিয়েছেন ঢাকার হাকিম তৈয়বুল হাসান।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি ওই দুজনকে তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই আদালতে প্রসিকিউশন পুলিশ প্রধান পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা।
সিআইডি কর্মকর্তা সিরাজুল ইসলাম ওই দুজনকে ১০ দিন হেফাজতের আবেদন জানিয়েছিলেন, তবে সাত দিন কম পেয়েছেন।
আদালতে মালেক ও হামিদের পক্ষে জামিনের আবেদন করা হলেও হাকিম তা নাকচ করেন।
গত বছরের ১৭ জুলাই শবে বরাতের রাতে আমিনবাজারের বড়দেশী গ্রাম সংলগ্ন কেবলার চরে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। বেঁচে যান ছাত্রদের সঙ্গী আল আমিন।
এরপর স্থানীয় বালু ব্যবসায়ী মালেক ডাকাতির অভিযোগ এনে আল আমিনের বিরুদ্ধে মামলা করেন।
নিহত ছাত্রদের ডাকাত হিসেবে চিহ্নিত করে তাদের হত্যা করায় সাভার থানা পুলিশও একটি মামলা করে, যাতে অজ্ঞাত গ্রামবাসীদের আসামি করেন বাদি ওই থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন।
দুটি মামলারই তদন্ত করছেন সিআইডি কর্মকর্তা সিরাজুল।
আলোচিত ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে, নিহত ছাত্ররা ডাকাত ছিল না।
মালেক ও হামিদের জিজ্ঞাসাবাদের আবেদনে সিআইডি কর্মকর্তা সিরাজুল বলেন, “কাদের প্ররোচনায় এবং কেনইবা বাদি মিথ্যা ডাকাতির মামলা করল তা জানতে এবং হত্যা রহস্য আরো স্পষ্ট হতে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।”
এর আগে পুলিশের করা মামলায় গ্রেপ্তার পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিন হেফাজতে পেয়েছিলেন একই সিআইডি কর্মকর্তা। তারা হলেন- রহিম, ওয়াসিম, ফরিদ খান, রাজীব ও সাইফুল ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24