দুদিনের সফরে ঢাকায় আসা জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নতুন মহাপরিচালক বললেন, বিরূপ পরিস্থিতিতেও ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে চাষাবাদ করে যথেষ্ট উৎপাদন করে বাংলাদেশ অন্য দেশগুলোর জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভার সরকারে খাদ্য নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হিসেবে অসাধারণ দক্ষতার স্বাক্ষর রাখা সাবেক এই অধ্যাপক এবং ২৬টি বইয়ের লেখক ক্ষুধাবিরোধী লড়াইয়ের বিশ্ব সংস্থার প্রধান হওয়ার জন্য স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর মতো প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে আসেন। এর আগে একই সংস্থার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সহকারী মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।
“সবাই এক রকম খান না, একেক অঞ্চলের খাবার একেক রকম,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একথা বলেন জোসে গ্রাযিয়ানো দ্য সিলভা। “আপনি খাওয়া-দাওয়া করেন আপনার ঘরে। তাই উদ্যোগটা শুরু করতে হবে সেখান থেকেই,” বলেন তিনি।
ঢাকায় তার সফরের দ্বিতীয় দিন সোমবার নেওয়া সাক্ষাৎকারটি তুলে ধরা হলো। (ইংরেজি থেকে অনুদিত)
ব্রাজিলের খাদ্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে আপনি ক্ষুধামুক্তি কর্মসূচি (জিরো হাঙ্গার প্রোগ্রাম) বাস্তবায়ন করেন, যার মাধ্যমে দারিদ্র্যসীমার নিচ থেকে তুলে আনেন ২ কোটি ৮০ লাখ মানুষকে এবং তা হয় মাত্র আট বছরে! বলা হয় বর্তমানে বিশ্বে একশ’ কোটি মানুষ খাদ্যের অভাবে রয়েছে। বাকি বিশ্বের পরিস্থিতির উন্নয়নে আপনার ব্রাজিলের অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যেতে পারে?
ক্ষুধার বিরুদ্ধে লড়াইটা আসলে করতে হবে দেশীয় পর্যায়ে, আর এতে সম্পৃক্ত করতে হবে গোটা দেশকে। তবে আমাদের স্থানীয় পর্যায়েও সংগঠিত হতে হবে। কারণ ক্ষুধার্ত মানুষ থাকে ছোটো ছোটো গ্রামে, আর কৃষকরা থাকে [এরই] ছোট ছোট এলাকায়। তাই, এটা আসলে বৈশ্বিক বিষয় নয়। বিশ্বের সবার খাদ্যাভ্যাস এক নয়, আপনি খাওয়া-দাওয়া করেন এক রকম, অন্য অঞ্চলের আরেক রকম। আপনার খাওয়া-দাওয়া হয় ঘরে। সুতরাং, লড়াইটা শুরু করতে হবে সেখান থেকেই।
‘হাঙ্গার জিরোর’ অভিজ্ঞতা যে সবখানেই খাটবে, এমনটা নয়। প্রতিটি দেশকে তাদের নিজ নিজ প্রেক্ষাপট বিবেচনা করে কর্মপন্থা নির্ধারণ করতে হবে। সাফল্যগাথার (ব্রাজিলের) ওপর ভিত্তি করে আপনি জাতীয় পর্যায়ের কর্মপন্থা ঠিক করতে পারেন।
তবে এক্ষেত্রে দৃষ্টিভঙ্গীটা বৈশ্বিক হতে হয়, বৈশ্বিক পর্যায়ে কিছু সমন্বয় তো থাকতে হয়।
এফএও সে কাজটি করছে, এফএও এখন সাব সাহারা বিশেষত আফ্রিকা অন্তরীপের দেশগুলোকে সহযোগিতা করছে। আমরা এসব দেশকে একটি রূপরেখা, সহায়তা (পদ্ধতি) ও পরিকল্পনা দিচ্ছি, যা ক্ষুধা দূর করতে কাজ করে। কিছু কিছু দেশ আছে যারা কৃষি ও খাদ্য নিরাপত্তার দিকে যথাযথ নজর দেয় না।
কৃষি উন্নয়ন ও আধুনিকীকরণের মাধ্যমে ক্ষুধা দূর করার জন্য কাজ করে এফএও। উন্নয়নের বিপুল ক্ষেত্র থাকলেও আন্তর্জাতিক প্রচেষ্টার অধিকাংশই সার ও বীজকে কেন্দ্র করেই দেখা যায়, যা আবার বড় বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে; এ বিষয়ে আপনার অবস্থান কী?
এফএও শুধু ক্ষুধাবিরোধী লড়াই-ই করছে না, তার কাছে কৃষির উন্নয়নও গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, ক্ষুদ্র পরিসরে চাষাবাদের পাশাপাশি স্থানীয় পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষত আফ্রিকার মতো স্বল্পোন্নত দেশগুলোতে এর কার্যকারিতা বেশি। এছাড়া কিছু দেশ যেমন, লাওসের মতো দেশের ক্ষেত্রেও তা সত্য।
তাই কৃষিতে ক্ষুদ্র উদ্যোগ ও স্থানীয় প্রযুক্তি, জৈব কৃষি-প্রযুক্তির ওপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছি আমরা, যাতে চড়া দামের রাসায়নিক ব্যবহার করতে হয় না। আমরা পরিবেশবান্ধব কৃষির একটি নতুন ধারণা দিতে কাজ করছি।
তবে শিল্পখাতে বিশেষ করে জীবাশ্ম জ্বালানির জন্য খাদ্যশস্যের চাহিদা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি বলে অনেকেই বলছেন। বিশেষত যখন খালি জ্বালানি ট্যাংকের সঙ্গে দরিদ্র দেশের মানুষের খালি পেটের প্রতিযোগিতা করতে হয়, তখন এ হুমকি প্রকট হয়ে ওঠে। জ্বালানি চাহিদার উল্লেখযোগ্য অংশ জীবাশ্ম জ্বালানি দিয়ে মেটাতে ইউরোপ ও আমেরিকার লক্ষ্যকে আপনি কীভাবে দেখেন?
প্রকৃতপক্ষে এ মুহূর্তে, খাদ্যশস্য ব্যবহার করে জ্বালানি উৎপাদনের সুপারিশ করছে না এফএও।
কিন্তু তারা কি এটা শুনছে? আমেরিকান বা ইউরোপীয়রা কি এতে কর্ণপাত করছে?
আমাদের সমীক্ষায় দেখা গেছে, বিশেষত যুক্তরাষ্ট্রে শস্য (কর্ন) এবং ইউরোপে তেল বীজের ব্যবহার মানুষের খাদ্যগ্রহণের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো গুটিকয়েক দেশ মানুষের খাদ্যগ্রহণের ওপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলেই জীবাশ্ম জ্বালানি উৎপাদনে আখ ব্যবহার করছে। তবে মনে রাখতে হবে, তারা ব্যতিক্রম।
এফএও-এ আমরা এ ধারণা নিয়ে কাজ করছি যে, আমাদের পরবর্তী প্রজন্মের জীবাশ্ম জ্বালানি উৎপাদনের জন্য অপেক্ষা করতে হবে যেখানে জীবাশ্ম জ্বালানি উৎপাদনের জন্য আমরা খড় ব্যবহার করতে পারব।
কৃষি দিন দিন একটি ব্যয়বহুল পেশা হয়ে উঠছে। বাংলাদেশি কৃষক যাদের পাঁচ জনের চার জনই ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক, তারা কীভাবে বৈশ্বিক এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেবে বলে আপনি মনে করেন?
বাংলাদেশে সত্যিই ভূমিহীনসহ অনেক ক্ষুদ্র কৃষক রয়েছে, যাদের গড়ে এক হেক্টরের চেয়ে কম জমি আছে। তবে তার অর্র্থ এই নয় যে, তারা উচ্চ প্রযুক্তি থেকে সুবিধা নিতে পারবে না। আমরা এখানে যান্ত্রিকীকরণের কথা বলছি না। আমরা বলছি যেমন, মোবাইল ফোন যা ক্ষুদ্র ও বৃহৎ কৃষক সবাইকে বাজারের তথ্য দিতে পারে।
আমরা বলছি নতুন জাতের ধানের কথা যেগুলো লবণসহিষ্ণু এবং তার মাধ্যমে ক্ষুদ্র ও বৃহৎ উভয় কৃষকই লাভবান হতে পারে।
তাই প্রযুক্তি ও অগ্রগতির মধ্যে কোনো সম্পর্ক আবশ্যক নয়, ব্যতিক্রম শুধু যান্ত্রিকীকরণের বিষয়টি। অন্য সব ক্ষেত্রে, উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে প্রযুক্তি ক্ষুদ্র ও বৃহৎ উভয় কৃষকেই সুবিধা দিতে পারে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় আপনি বাংলাদেশ সফরে এলেন। আপনি এদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন, আমি ভুল না করলে প্রধানমন্ত্রী ছাড়াও কৃষি, খাদ্য, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে আপনার বৈঠক হয়েছে। এ থেকে আপনার প্রতিক্রিয়া কী?
আসলে আমি বাংলাদেশকে বেছে নিয়েছিলাম কারণ এখানে আমাদের সফলতা রয়েছে এবং এটা এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সম্পদ খুবই সীমিত। বাংলাদেশ সফলতা পেয়েছে, বিশেষত ধান উৎপাদনে খুব দ্রুত এ সফলতা এসেছে। আমি মনে করি, এটা একটা ভালো দৃষ্টান্ত, যা এফএও অন্য দেশের কাছে তুলে ধরতে পারে, যাতে তারাও এমনটি করতে পারে।
বাংলাদেশ সম্পর্কে আপনার পরিকল্পনাটি কী একটু তুলে ধরবেন? এদেশের জন্য এফএও-এর ভবিষ্যৎ সহায়তা, বিশেষত পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে?
২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে এফএও। এখন আমরা বেশি নজর দিচ্ছি খাদ্য নিরাপত্তার দিকে, বিশেষত সবার খাবার নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সামলে নেওয়ার ওপর।
জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আমরা কাজ করছি। পাশাপাশি মানুষের দুর্যোগ সামলে নেওয়ার সক্ষমতা বাড়াতেও আমাদের প্রচেষ্টা রয়েছে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হয়। তাই আমরা জানি, এখানে কী ঘটে এবং সেই জন্য কৃষককে প্রাকৃতিক দুর্যোগের ক্ষত কাটিয়ে উঠতে সক্ষম করে তুলতে চাইছি আমরা।
তাহলে বাংলাদেশ এফএও-এর কাছে একটি বিশেষ গুরুত্ব পাচ্ছে?
আমি বলিনি যে এটা একটা বিশেষ গুরুত্বের স্থান। তবে বাংলাদেশ একটি দেশ, যার এখনকার অবস্থা, অন্য অনেক দেশের ভবিষ্যৎ দেখায়। এফএওএতে বাংলাদেশকে একটি দৃষ্টান্ত হিসেবে দেখাতে পারি আমরা।
বেশ কিছু দিন ধরে আমরা এফএও-এ সংস্কারের কথা শুনছি। আমলাতান্ত্রিক জটিলতা, অদক্ষতা ও সাধারণ মানের কর্মীদের জন্য আপনার সংগঠন দীর্ঘ দিন ধরে সমালোচনার মুখে রয়েছে। বিশেষ করে গত শতকের ৭০, ৮০ ও ৯০ এর দশকজুড়ে। আমরা জানি যে, আপনি সংস্কারের চেষ্টা করছেন।
সংস্কারের ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, তা হল বিকেন্দ্রীকরণ। এফএও এখন ভীষণ সদরদপ্তরকেন্দ্রিক। আমাদের সংস্থার চার ভাগের তিন ভাগই কাজ করছে সদর দপ্তরে। তাদের দেশঘনিষ্ঠ [সদর দপ্তর ছেড়ে] করার দরকার। আমার মতে, আমাদের একটি জ্ঞানতাত্ত্বিক প্রতিষ্ঠান দরকার, যার মধ্যে মাটির গন্ধ থাকবে। বিকেন্দ্রীকরণ এফএও-কে আরো দক্ষ হতে সহায়তা করবে। সম্ভবত এটা আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসার পথও।
তাহলে আমরা মাঠ পর্যায়ে আরো বিশেষজ্ঞ দেখব, যারা সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করবে, হয়ত।
এটাই আমি বাস্তবায়ন করতে চাচ্ছি।
এ পর্যন্ত আপনার অভিজ্ঞতা কী?
আপনিই তো বললেন, আমি মাত্র শুরু করেছি। আমি এখন ওই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছি।
আপনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলন থেকে এলেন। ওই সম্মেলন থেকে আপনি কী কী অভিজ্ঞতা নিয়ে এলেন?
সবার আগে আমাকে বলতে হবে যে, আমাদের আঞ্চলিক সম্মেলনগুলোর মধ্যে এটা সবচেয়ে সফল। ৪১টি দেশের মধ্যে ৩৯টি দেশ ওই সম্মেলনে অংশ নিয়েছে। সেখানে ২০ জন মন্ত্রী ও নয় জন প্রতিমন্ত্রী ছিলেন। এটা সত্যিই একটি উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। এবং অভিজ্ঞতা বলে যে, আমাদের সেগুলো নিয়ে কাজ করা প্রয়োজন যেগুলোকে আমরা আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ বলি যেমন, ধান এবং জলজ উদ্ভিদ ও প্রাণী চাষ (অ্যাকুয়াকালচার)। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার বিষয়টিও ছিল। এ বিষয়টিই অন্যগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আপনি যখন নির্বাচিত হলেন তখন যুক্তরাষ্ট্র আপনাকে সমর্থন দিল। অক্সফামের মতো গ্রুপগুলোও আপনাকে সমর্থন দিল। এদের দৃষ্টিভঙ্গী ভিন্ন। আপনি কি বাড়তি চাপ অনুভব করেন?
নির্বাচনের সময়ের কথা যদি ধরেন, তবে তখন ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। কিন্তু নির্বাচনের পরের পর্যায়টি গুরুত্বপূর্ণ। এফএও এক এবং আমরা অভিন্ন লক্ষ্য অর্জনে উন্নয়নশীল ও উন্নত দেশ, সুশীল সমাজ ও বেসরকারি খাত সবার সঙ্গে একযোগে কাজ করছি।
bdnews24