ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবারের মধ্যে সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট।
সরকার আদালতের আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ সংক্রান্ত রুলের জবাব না দেওয়ায় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় ‘অজ্ঞাতপরিচয়’ ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা হয়েছে, যার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সাগর-রুনির খুনিরা গ্রেপ্তার না হওয়ায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট আবেদন করলে হাইকোর্ট বেঞ্চ গত ২৮ ফেব্রুয়ারি একটি রুল জারি করে। এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় খুনিদের বিচারের আওতায় আনার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ডিবির উপকমিশনার (দক্ষিণ) ও শেরেবাংলা থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে আদালতে প্রতিবেদন দেননি তারা।
মঙ্গলবার দুপুরের পর হাইকোর্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেনকে ডেকে রুলের জবাব না দেওয়ার কারণ জানতে চান।
এর উত্তরে সরকারের এই আইন কর্মকর্তা বলেন, “আইজিপি অফিস থেকে আমাকে জানিয়েছে, তারা এখানো আদেশের লিখিত কপি পায়নি।”
এরপর আগামী ২২ মার্চের মধ্যে সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
সাগর-রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিকরা সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসচি পালন করে আসছেন। তারা বলছেন, হাইকোর্টের ওই রুলের কারণেই এ মামলা হিমাগারে চলে যাচ্ছে।
২৮ ফেব্রুয়ারি ওই রুলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ মামলা নিয়ে গণমাধ্যমে তথ্য প্রকাশের বিষয়েও পুলিশকে নির্দেশনা দেয়।
তদন্তের সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য না দিতে পুলিশকে নির্দেশ দেয় আদালত। এছাড়া এই হত্যাকাণ্ড নিয়ে ‘মনগড়া’ সংবাদ প্রকাশ বন্ধে তথ্য সচিবকে ব্যভস্থা নিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬২৫ ঘ.
bdnews24