২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চালকের বেপরোয়া গতি, নেতাদের বেপরোয়া কথা’

যোগাযোগমন্ত্রীর মতে, জনপ্রতিনিধিদের ‘বেপরোয়া আচরণ ও আশালীন কথাবার্তা’ বেপরোয়া চালকের চেয়ে কম ভয়ঙ্কর নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদদের বেপরোয়া আচরণ ও অশালীন কথাবার্তা গণতন্ত্রকে ‘লাশ বানানোর’ প্রক্রিয়ায় নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, “আমাদের সংসদে বেপরোয়া কথাবার্তা হয়, আমরা যারা রাজনীতির ড্রাইভিং সিটে বসে আছি, তারা বেপরোয়া।” একজন জনপ্রতিনিধির বেপরোয়া আচরণ ও আশালীন কথাবার্তা সড়কে একজন বেপরোয়া চালকের চেয়ে কম ভয়ঙ্কর নয় বলেও মন্তব্য করেন তিনি। “এদেশের বাস্তব অবস্থা এই যে, কিছু কিছু চালক বেপরোয়া গাড়ি চালায় আর কিছু কিছু রাজনৈতিক নেতা বেপরোয়া কথা বলেন”, যোগ করেন মন্ত্রী। টানা ৭৭ দিনের অনুপস্থিতির পর বিএনপির সংসদ সদস্যরা রোববার খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে ফেরার পর সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আখতারের বক্তব্য নিয়ে অধিবেশনে উত্তেজনা সৃষ্টি হয়। তার বক্তব্য থেকে ‘অশালীন ও অসংসদীয় শব্দ’ এক্সপাঞ্জও করেন স্পিকার। সোমবারও বিরোধী দলের সংরক্ষিত নারী আসনের সাংসদ আসিফা আশরাফী পাপিয়ার বক্তব্যে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। সংসদের এই পরিস্থিতির দিকে ইংগিত করে কাদের বলেন, “বেপরোয়া চালক মানুষ খুন করছে রাস্তায়। আর জনপ্রতিনিধিরা বেপরোয়া কথাবার্তা বলে গণতন্ত্রকে লাশ বানানোর প্রক্রিয়ায় নিয়ে আসছে। এ কাজটা আমরাও করছি, তাই না?” এ অবস্থা থেকে উত্তোরণের জন্য ‘মানসিকতার পরিবর্তন’ জরুরি বলে মনে করেন মন্ত্রী। পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন “মানসিকতা পরিবর্তন কাজটা কঠিন তবে ইমপোসিবল মনে করছি না।” চালকদের প্রশিক্ষণের বিষয়ে যোগাযোগমন্ত্রী বলেন “এয়ারকন্ডিশন রুমে বসে প্রশিক্ষণ কর্মশালা চালিয়ে লাভ হবে না। লোক দেখানো প্রচার চালিয়েও লাভ নেই। দেশের মানুষ দেখতে চায়- দুর্ঘটনা কমছে কিনা, প্রশিক্ষণ তারা দেখতে চায় না।” রাস্তার বিভিন্ন সমস্যাসহ নিয়ম না মানার কারণেই দুর্ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তার মতে, এর সঙ্গে যত্রতত্র নির্মিত গতিরোধকও দুর্ঘটনার জন্য দায়ী। ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (বিটিসিবি) কার্যালয়ে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন চালক অংশ নিচ্ছেন। ডিটিসিবি নির্বাহী পরিচালক মো. আফতাবউদ্দিন তালুকদার, বিআরটিএ চেয়ারম্যান আইয়ূবুর রহমান খানসহ ঊর্ধŸতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৫০৩ ঘ.