ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্র হত্যার ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “দেশের অবস্থা ভালো নয়। পাকিস্তান শাসনামলের মতোই দেশের মানুষ দুর্ভোগ ও নির্যাতনে মধ্যে আছে। জনগণের সমস্যার সমাধানের দিকে সরকারের নজর নেই।”
“তারা গণতন্ত্রকে হত্যা করে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর হয়ে আছেন”, যোগ করেন এই বিএনপি নেতা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের মূল বিষয় ছিল ‘ভিশন ২০২১’। ওই সময়ের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিভিন্ন পরিকল্পনা দিয়েই সাজানো হয়েছিল ওই ইশতেহার।
সরকার ওই সময় পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ষড়যন্ত্র’ করছে উল্লেখ করে আনোয়ার বলেন, জনগণ তা কোনোদিন সফল হতে দেবে না।
গত ১২ মার্চ বিএনপির মহাসমাবেশে ‘বাধা’র প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ‘দেশনেত্রী পরিষদ’ নামের একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।
নির্দলীয় সরকারের দাবির পক্ষে যুক্তি দেখিয়ে এম কে আনোয়ার বলেন, “সরকার ও প্রশাসন যেভাবে ১২ মার্চের মহাসমাবেশের গণজোয়ারকে বাধা দিয়েছে, তা থেকে এটা প্রমাণিত- এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জনগণের অধিকারকে খর্ব করা হয়েছে দাবি করে আনোয়ার বলেন, জনগণ সংবিধানের বিরুদ্ধে সমালোচনা করতে পারবে না- এরকম বিধান কোনো সভ্য দেশের সংবিধানে থাকতে পারে না।
“পাকিস্তানের সংবিধানে আছে- সংবিধান নিয়ে সমালোচনা করা যাবে না। ওই বিধানটিকেই পাকিস্তান থেকে এনে বাংলাদেশের সংবিধানে সংযোজন করা হয়েছে’, বলেন তিনি।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা রহস্যের কিনারা না হওয়ায় জন্যও সরকারকে দায়ী করেন সাবেক মন্ত্রী আনোয়ার।
সরকার আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সাড়ে ৭ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে অভিযোগ করে আনোয়ার বলেন, “বিএনপি আগামীতে ক্ষমতায় এলে অবশ্যই ওইসব মামলা পুনরুজ্জীবিত করবে।”
সংগঠনের সভাপতি শহীদ চৌধুরীর সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, দেশনেত্রী পরিষদের মহাসচিব আবদুল কাদের বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪৩১ ঘ.
bdnews24