২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ট্রাইব্যুনালের নাম শিগগিরই: কামরুল

একাত্তরে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া দ্রুততর করতে ‘দুই-তিন’ দিনের মধ্যে দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচারকদের নাম ঘোষণা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 08:19 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া দ্রুততর করতে ‘দুই-তিন’ দিনের মধ্যে দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচারকদের নাম ঘোষণা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার পুরনো হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের বলেন, “আপনারা দুই-তিন দিনের মধ্যে বিচারকদের নাম জানতে পারবেন।” এ ভবনেই দ্বিতীয় ট্রাইবুনালের বসার জায়গা হবে কি-না তা দেখতে এসেছিলেন প্রতিমন্ত্রী। তিনি সাংবাদিকদের জানান, দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম প্রায় শেষ। চলতি মাসের মধ্যেই ট্রাইব্যুনাল কাজ শুরু করতে পারবে। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান ট্রাইব্যুনালে চলা আটটি মামলার মধ্যে কয়েকটির বিচারকাজ নতুন ট্রাইব্যুনালে নেওয়া হতে পারে বলেও ইংগিত দেন কামরুল। জামায়াতে ইসলামীর ছয় নেতা ও বিএনপির দুই নেতার বিরুদ্ধে বর্তমান ট্রাইব্যুনালে এই আটটি মামলা চলছে। নতুন মামলার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, “নতুন মামলা এলে তখন তা দেখা যাবে।” দ্বিতীয় ট্রাইব্যুনালের এজলাসের আকার ছোট করার পরিকল্পনা করায় পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের সমস্যা হতে পারে বলে যে কথা উঠেছে সে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কামরুল বলেন, “যদি বড় ধরনের সমস্যা হয়, তবে তা পরে বিবেচনা করা যাবে।” বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের বিচারে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হয়। এরপর ১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল (অ্যাক্ট) আইনও সংশোধন করা হয়। ২০১০ সালের মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে শুরু হয় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া। কিন্তু একটি ট্রাইব্যুনালে বিচারকাজ এগিয়ে নিতে দেরি সময় লাগছে- এমন আলোচনার পরিপ্রেক্ষিতেই সরকার দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করার উদ্যোগ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসইউ/জেকে/১৪১৪ ঘ.