ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোস্তাক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাব বলছে, নিহত ব্যক্তি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সামরিক প্রধান ছিলেন।
র্যাব-৫ রাজশাহীর অপস্ অফিসার লেফটেনেন্ট মাহদীন জানান, ওই সংগঠনের কর্মীরা বাগমারার গোয়ালকান্দি এলাকায় বৈঠক করছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল।
“কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে লাল পতাকার সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে শুরু করলে র্যাবও পাল্টা জবাব দেয়। প্রায় আধা ঘণ্টা গোলগুলির পর সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। এরপর সেখানে মোস্তাকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”
ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, তিনটি হাসুয়া ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে মাহদীন জানান।
তিনি বলেন, লাশটি বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯২০ ঘ.
bdnews24