ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে শতবর্ষ আগের কোড অব সিভিল প্রসিডিউর সংশোধনী বিল সংসদে উত্থাপন করা হয়েছে।
আইনমন্ত্রী শফিক আহমেদ সোমবার বিলটি জাতীয় সংসদে উপস্থাপন করেন। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠান স্পিকার আবদুল হামিদ।
১৯০৮ সালে প্রণীত এ বিল কোড অড সিভিল প্রসিডিউর (এমেন্ডমেন্ট) এ্যাক্ট, ২০১২ নামে উপস্থাপন করা হয়।
আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, বর্তমান নিয়ম অনুযায়ী বিবাদীর অনুপস্থিতিতে তার পরিবারের শুধু প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য সমন নিতে পারেন। প্রাপ্তবয়স্ক নারী যাতে এ ধরনের পরিস্থিতিতে সমন নিতে পারেন সংশোধনীতে সে নিয়মের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে দেওয়ানি মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা কমবে ও অর্থ সাশ্রয় হবে বলেও মনে করেন মন্ত্রী।
তিনি জানান, দেওয়ানি বিচার ব্যবস্থায় মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগায় দিন দিন মামলার সংখ্যা বাড়ার পাশাপাশি এর পরিচালনা ব্যয়ও বাড়ছে।
বর্তমানে অধস্তন আদালতে নিষ্পন্নাধীন দেওয়ানি মামলার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৪১৪টি বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, “আনুষ্ঠানিক বিচারের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয়। সে বিবেচনায় দেওয়ানি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যমান দীর্ঘসূত্রিতা কমানোর লক্ষ্যে কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ সংশোধনের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে ২০০৩ সালে মেডিয়েশন পদ্ধতি চালু করা হয়। কিন্তু তা ঐচ্ছিক থাকায় এ পদ্ধতির প্রয়োগ হয়নি।”
মেডিয়েশনকে আরো কার্যকর করার লক্ষ্যে তা বাধ্যতামূলক করা প্রয়োজন বলে মনে করেন মন্ত্রী।
তিনি বলেন, যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে সমন ইস্যু ও জারির বর্তমান পদ্ধতির পাশাপাশি ফ্যাক্স, ই মেইল ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন জারিসহ আনুষঙ্গিক অন্যান্য পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএইচ/এমআই/২৩০৫ ঘ.
bdnews24