শরীয়তপুর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা হওয়ায় শরীয়তপুর জেলা কারাগারের এক রক্ষী পালিয়ে গেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ পালং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
শরীয়তপুর কারাগারের কারারক্ষক দেব দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১ সালের জুলাই থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফজর আলী বেপারীর ছেলে হাবিবুর রহমান শরীয়তপুর জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।
হাবিবুর রহমানের স্ত্রীর করা মামলার বরাত দিয়ে দেবদুলাল বলেন, ২০১০ সালে ঝালকাঠির হালিমা বেগম শারমিনকে বিয়ে করেন হাবিবুর। দেড় মাস আগে তাদের একটি মেয়ে হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ভরণ-পোষণ না দেওয়ায় দুই মাস আগে ঢাকায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হালিমা মামলা করেন হাবিবুরের বিরুদ্ধে।
“গত বৃহস্পতিবার হালিমা শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে হাবিবুরের বিরুদ্ধে জারি হওয়া একটি গ্রেপ্তারি পরোয়ানার কপি নিয়ে হাজির হন। এরপর থেকে হাবিবুর পলাতক,” বলেন দেবদুলাল।
হালিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকে হাবিবুর এবং তার পরিবারের লোকজন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। ২০১১ সালের জুন মাসে সন্তানসম্ভবা হওয়ার পর থেকে হাবিব তার কোনো খোঁজ নেননি।
হালিমা বলেন, “আমি আমার সন্তানের স্বীকৃতি এবং সংসার করার দাবি আদায়ের জন্য মামলা করেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০০৫ ঘ.
bdnews24