গাজীপুর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়ার ধাধারচর রক্ষায় শীতলক্ষ্যা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসন চত্বরে মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, চরটি স্থানীয় ঘিঘাট, নাশোরা ও গোসাইরগাঁও গ্রামের কৃষকদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এখানে পাট, পেয়ারা, আপেল কুলসহ নানা ধরণের শাক-সবজি হয়।
একটি প্রভাবশালী মহল শীতলক্ষ্যা নদী থেকে বালু উত্তোলন করায় চরটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
এ সময় ধাধারচর রক্ষা কমিটির আহ্বায়ক মো. তৈমুজ্জামান, সদস্য সচিব মো. পরাগ আহমেদ, জুয়েনা সরকার, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৪১ ঘ.
bdnews24