নারায়ণগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-দুর্ঘটনা এড়াতে শীতলক্ষ্যা নদী থেকে নয়টি বালুবাহী ট্রলার আটক করেছে বিআইডব্লিউটিএ।
রোববার গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের ৫নম্বর ঘাট এলাকা থেকে আটক নৌযানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
স¤প্রতি মেঘনায় লঞ্চডুবিতে প্রাণহাণির ঘটনার পর নৌ-পথে দুর্ঘটনা এড়াতে এ অভিযান চালানো হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউএ) জানিয়েছে।
আটক নৌ-যানগুলো হল এমভি জাবের ইমন, হাজী সামসুল হক-১, কুশুর উল্লাহ, মাসা আল্লাহ, নবযাত্রা, আলীফ, মুনসুর পরিবহন, শাহ্ কবির ও এম এস পরিবহন।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের ঊর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুন্সীগঞ্জের চর কিশোরী এলাকায় লঞ্চডুবিতে ১৪৭ জনের প্রাণহানির পর নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার থেকে শীতলক্ষ্যা নদীতে রাতে চলাচল নিষিদ্ধ নৌ-যানের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
রাতে বালুবাহী ট্রলার চলাচলের কারণে প্রায়ই নৌ-দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।
আটককৃত নৌ-যানের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এর আগে শনিবার রাতে পাঁচটি ট্রলার আটক করা হয়। এরমধ্যে দু’টির বিরুদ্ধে মামলা ও তিনটির কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানকালে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের ঊর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক আলমগীর কবির, সহকারী পরিচালক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৬ ঘ.
bdnews24