নাটোর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে যুবলীগ কর্মী রবিউল ইসলাম হত্যায় জড়িত সন্দেহে সোমবার পুলিশ নিহতের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে।
এর আগে একইদিন নয় জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রোববার রাতে ব্যবসায়িক বিরোধের জেরে রবিউলকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
রবিউল ইসলাম শহরের চৌধুরী বড়গাছা এলাকার প্রয়াত আব্দুর রহমান ঢালীর ছেলে।
তার ভাই আব্দুর কাদের বাদী হয়ে সদর থানায় বন্ধু মামুনসহ নয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিদের সঙ্গে নিহতের ইটের ব্যবসা ছিল। ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে রবিউলকে হত্যা করা হয়েছে।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পরপরই পুলিশ আসামি মামুন (২৮), সোহাগ (৩১) ও সন্যকে (২৮) নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
রোববার রাত ৮টার দিকে কয়েকজন অপরিচিত যুবক রবিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত পৌনে ৯টার দিকে শহরতলীর রামাইগাছীতে তার লাশ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৫ ঘ.
bdnews24