ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন লঙ্ঘন করে খাল ভরাট করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই রায় দেয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর খাল ভরাটকারী আব্দুর রহমান নামে ওই ব্যক্তিকে জরিমানার টাকা তিন মাসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে ওই খালে ভরাট করা মাটি ২ মাসের মধ্যে সরিয়ে খালকে আগের অবস্থায় ফিরিয়ে আনতেও বলেছে হাই কোর্ট।
খাল ভরাট করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিট আবেদন করলে ২০১০ সালের ২৪ মে হাই কোর্ট এই বিষয়ে রুল জারি করে।
রিট আবেদনকারীর আইনজীবী ইকবাল কবির লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবেশ আইন লঙ্ঘন করে খাল ভরাটরে উদ্যোগ নেওয়ায় রিট আবেদন করা হয়েছিল।”
আদালতে সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/এমআই/১৬২৫ ঘ.
bdnews24