২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর শুনানিতে পরিকল্পনা কী, প্রসিকিউশনকে ট্রাইব্যুনাল

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এগিয়ে নেওয়ার পরিকল্পনা লিখিত আবেদন আকারে দিতে প্রসিকিউশন বিভাগকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এগিয়ে নেওয়ার পরিকল্পনা লিখিত আবেদন আকারে দিতে প্রসিকিউশন বিভাগকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বলছে, ওই আবেদনপত্র দাখিলের পরই তদন্ত কর্মকর্তাকে বাদ রেখে সাক্ষ্যগ্রহণ এগিয়ে নেওয়া হবে কি হবে না সে ব্যাপারে আদেশ দেওয়া হবে। রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ওই আদেশের জন্য ২০ মার্চ তারিখ রেখেছে। এর আগে প্রসিকিউসন বিভাগ তদন্ত কর্মকর্তাকে বাদ রেখে মামলার অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ অব্যাহত রাখার আবেদন জানায়। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার সাইদীর বিরুদ্ধে ২৮তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা ছিল। অবশ্য মামলার তদন্ত কর্মকর্তা ছাড়া আর কেউ বাকি না থাকায় পরবর্তী তারিখ পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। ২০ মার্চ পর্যন্ত মুলতবি রোববার বিরতির পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীর কাছে বিচারপতি নিজামুল হক সাঈদীর মামলার বিষয়ে তাদের পরবর্তী পরিকল্পনা জানতে চান। জবাবে হায়দার আলী বলেন, তদন্ত কর্মকর্তাকে বাদ রেখে অন্যান্য সাক্ষীদের হাজিরের সুযোগ চান তারা। তবে প্রসিকিউটরের এ বক্তব্য ট্রাইব্যুনালের কাছে পূর্ণাঙ্গ গ্রহণযোগ্যতা পায়নি। বরং তদন্ত কর্মকর্তাকে বাদ রেখে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে উল্লেখ করেন বিচারপতি। এ সময় ট্রাইব্যুনাল সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির ওই প্রসিকিউটরের প্রস্তুতির বিষয়ে জানতে চান। প্রসিকিউটর জানান, তাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। এ পর্যায়ে আসামিপক্ষ প্রসিকিউটরের এ প্রস্তাবে আপত্তি তুললে বিচারপতি নিজামুল হক তাদের আশ্বস্ত করে বলেন, বিচারের আগেই আসামির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত আদালত দেবে না। আসামিপক্ষের কৌঁসুলি মিজানুল ইসলাম ওই আবেদনের ওপর শুনানি হবে কি না জানতে চাইলে ট্রাইব্যুনাল প্রধান বলেন, “এটি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আসামিপক্ষের এই আইনজীবী বলেন, এটি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করলেও আমার মনে হচ্ছে আদালত ওই আদেশের আগে শুনানি গ্রহণ করবেন। এর পরপরই সাঈদীর বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রম আগামী ২০ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। একই সঙ্গে জাামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের ১১০ পৃষ্ঠা থেকে পড়তে শুরু করেন প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালে গতবছরের ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। ২০১১ সালের ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সাঈদী ছাড়াও জামায়াতের পাঁচ শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া। যুদ্ধাপরাধের মামলায় এই পর্যন্ত দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/পিডি/২২১১ ঘ.