২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ১৫ কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের তিনজন অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পর্যায়ের ১৫ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের তিনজন অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পর্যায়ের ১৫ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জিষ্ণু রায় চৌধুরীকে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব আসাদুল ইসলামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য এমএ হান্নানকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে। ওএসডি যুগ্ম সচিব ড. নমিতা হালদারকে শিল্প মন্ত্রণালয়ে ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব সোহরাব হোসেন শেখকে একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজ নির্মাণ (প্রথম পর্যায়) প্রকল্পের পরিচালক ড. দেলোয়ার হোসেন খানকে ওএসডি করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে ওএসডি মাহামুদুর রহমানকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য, ওএসডি আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরীকে কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য মজিবুর রহমানকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) পরিচালক করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি আব্দুল হান্নান শেখকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ), ওএসডি মো. আলাউদ্দিনকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক, ওএসডি মোহাম্মদ ইসমাইলকে তৃতীয় প্রথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অতিরিক্ত মহাপরিচালক, ওএসডি আলতাফ হোসেনকে মংলা বন্দর কর্তপক্ষের সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি ড. মোহাম্মদ আলীকে ফুড অ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি প্রকল্পের পরিচালক করা হয়েছে। সংসদ সচিবালয়ে সংযুক্ত ওএসডি মো. এনামুল হককে বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/২০০০ ঘ.