২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় লঞ্চডুবি: নিখোঁজ এখনো ৪

মুন্সীগঞ্জে মেঘনায় লঞ্চডুবিতে এখনো চারজন নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

মুন্সীগঞ্জ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে মেঘনায় লঞ্চডুবিতে এখনো চারজন নিখোঁজ রয়েছে। রোববার পুলিশ ও কোস্টগার্ড তাদের সন্ধানে নদীতে তল্লাশি চালিয়েছে। এদিকে এ পর্যন্ত উদ্ধার ১৪৭টি লাশের মধ্যে তিনটির পরিচয় পাওয়া যায়নি। বাকি ১৪৪টি শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। লঞ্চডুবির ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলেও কোনো আসামিকে গ্রেপ্তার হয়নি। দুর্ঘটনার জন্য দায়ী কর্গোটিও শনাক্ত করা যায়নি। মুন্সীগঞ্জ জেলা ত্রাণ কর্মকর্তা মো. আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের সংগৃহীত তথ্যানুযায়ী রোববার পর্যন্ত শরীয়তপুরের ভেদেরগঞ্জের পূর্ব গাইদ্দা গ্রামের ওয়ালিউল্লাহর ছেলে আজাদ হাওলাদার (৩৫), সুখীপুরের চরপাইয়াতরী গ্রামের সাইফুল ইসলাম, নড়িয়ার পূর্ব দিনারা গ্রামের ওয়ালিউল্লাহ ঢালীর ছেলে সিফাত (৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের লামিয়া (৭) নিখোঁজ রয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এহসানুল করিম সাংবাদিকদের বলেন, শনাক্ত না হওয়া পুরুষ (৪২), মহিলা (২২) ও দেড় বছরের এক ছেলের লাশ রোববার মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত হয়েছে। সোমবার লাশগুলো পৌরসভার তত্ত্বাবধানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে বলে তিনি জানান। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান বলেন, উদ্ধার হওয়া ১৪৭টি লাশের মধ্যে ১৪৪টি শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চারটি লাশ এখনো শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার এবং দুর্ঘটনার জন্য দায়ী কার্গোটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান। গত সোমবার রাত আড়াইটার দিকে যাত্রীবাহী লঞ্চ এমভি শরিয়াতপুর-১ একটি কার্গোর ধাক্কায় ডুবে যায়। লঞ্চটি রাত সাড়ে ৯টায় শরীয়তপুরের নড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৬ ঘ.