২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সেনার সঙ্গে র‌্যাবের গুলি বিনিময়, গ্রেপ্তার ২

রাজধানীতে গুলি বিনিময়ের পর সাবেক দুই সেনা সদস্যকে অস্ত্র ও র‌্যাবের জ্যাকেটসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গুলি বিনিময়ের পর সাবেক দুই সেনা সদস্যকে অস্ত্র ও র‌্যাবের জ্যাকেটসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। উত্তরায় রোববার বিকালে গ্রেপ্তারকৃতরা হলেন- মোয়াজ্জেম (৩০) এবং শাহজাহান (৩২)। এ সময় তাদের সঙ্গে থাকা আরো চার জন পালিয়ে যায় বলে জানায় র‌্যাব। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে উত্তরার জসিমউদ্দিন রোডে ডাচ-বাংলা ব্যাংক থেকে এক ব্যক্তি ৩০ লাখ টাকা তুলে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি সিলভার রংয়ের মাইক্রোবাস গাড়িটিকে অনুসরণ করতে দেখে র‌্যাবের সন্দেহ হয় জানিয়ে তিনি বলেন, র‌্যাব-১ এর একটি দল ওই মাইক্রোবাসটিকে থামানোর চেষ্টা করলে মাইক্রোবাসটি দ্রুত পালানোর চেষ্টা করে। “এ সময় মাইক্রোবাস থেকে গুলি করলে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। প্রায় তিন কিলোমিটার ধাওয়া করার সময় দুই পক্ষের গুলি বিনিময় হয়।” এ সময় সন্ত্রাসীদের মাইক্রোবাসের আঘাতে দুইটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা সোহায়েল। তিনি বলেন, পরে র‌্যাব সদস্যদের গুলিতে সন্ত্রাসীদের গাড়ির চাকা ফুটো হয়ে গেলে টঙ্গির চেরাগ আলি মার্কেটের সামনে গাড়িটি বন্ধ হয়ে যায়। এসময় দুই জনকে গ্রেপ্তার করা গেলেও তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি রিভলবার, ওয়্যারলেস সেট ও র‌্যাবের জ্যাকেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জন বহিষ্কৃত সেনা সদস্য বলে জানান সোহায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮০৮ ঘ.