২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ এপ্রিল সাংবাদিকদের অবস্থান ধর্মঘট

সাংবাদিক দম্পতির খুনি গ্রেপ্তার ও বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মহাসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 08:26 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৭ই এপ্রিলের মধ্যে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনি গ্রেপ্তার না হলে ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন সাংবাদিকরা। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। অন্য অংশের নেতারাও এই সমাবেশে ছিলেন। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে কর্মবিরতি, অনশন ও মহাসমাবেশের পর এই কর্মসূচি ঘোষণা করা হল। এছাড়া ৮ই এপ্রিলের ঘেরাও কর্মসূচির আগে সবকটি ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও সবকটি সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক করে তাদের আন্দোলনে সম্পৃক্ত করার উদ্যোগ নেবেন সাংবাদিক নেতারা। সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানান ইকবাল সোবহান। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্য অংশের সভাপতি রুহুল আমীন গাজী সমাবেশে বলেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবস্থান কর্মসূচিতে আসতে পারবেন না তারা জেলা পর্যায়ে ডিসি ও এসপি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমাবেশে সারাদেশ থেকে আসা সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ চলাকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে গাড়ি চলাচল ছিল বন্ধ। সমাবেশস্থলের চার পাশে বেশ কয়েকটি ক্যামেরা বসিয়েছিল পুলিশ। সাংবাদিক দম্পতিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নির্যাতন বন্ধে সাংবাদিকদের চারটি সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই আন্দোলন চালাচ্ছে। সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ সরকারকে হুঁশিয়ার করে বলেন, হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়া হলে তার পরিণতি শুভ হবে না। “তদন্ত নিয়ে যা করা হচ্ছে, তা ন্যক্কারজনক। এত উদাসীন দৃষ্টিভঙ্গী অতীতে দেখিনি। হত্যাকাণ্ড ধামাচাপার চেষ্টা হলে তা রুখে দাঁড়ানো হবে”, বলেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাকের হোসাইন বলেন, এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, পেশাগত আন্দোলন। সরকারের উদ্দেশে তিনি বলেন, “দেশে তো দুইটা সরকার থাকে না। আর তাই জানমালের নিরাপত্তা আপনাদের কাছেই চাইব।” বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ বলেন, “এটা স্রেফ ডাকাতির ঘটনা নয়। গোপন তথ্য ছিলো ল্যাপটপে। নিশ্চয়ই সেজন্য খুন হয়েছেন তারা।” স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত বলেন, “না পারলে আল্লার ওয়াস্তে পদ থেকে সরে দাঁড়ান।” ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “খুনি যতই শক্তিশালী হোক, তার শেকড় যত গভীরে প্রোথিত হোক, তাদের গ্রেপ্তার করতেই হবে।” আন্দোলনে ঐক্য ধরে রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, “কালক্ষেপণের মধ্য দিয়ে অন্যান্য ইস্যু তৈরি করে ঘটনাটি অন্যদিকে নেওয়া হচ্ছে কিনা, জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে।” “দেশের পরিস্থিতিতে সাংবাদিকরা আতঙ্কিত, জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষ চিন্তিত। সংবাদপত্রের স্বাধীনতা কোন পর্যায়ে তা সবাই জানে,” বলেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, “অতীতে আমরা ‘আল্লাহর মাল’ ও ‘লুকিং ফর শত্র“জ’ নামে দুইজন স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছি। তাদের কাছে সাংবাদিক হত্যার বিচার চেয়েছিলাম। তারা তা করেননি। তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।” সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওয়াহিদুল আলম, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহ আলম চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহনেওয়াজ, সংবাদপত্র শ্রমিক সংগঠনের সভাপতি মতিউর রহমান তালুকদার প্রমুখ। সাগর-রুনির হত্যাকারী চিহ্নিত ও গ্রেপ্তার দাবিতে গত ২৭ ফেব্রুয়ারি এক ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করে সাংবাদিকরা। ১ মার্চ হয় প্রতীক অনশন। গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। মাস গড়ালেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএইচএ/এমআই/১৬১৬ ঘ.