ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা এবং এর আশপাশের অঞ্চল।
রোববার সকাল ৮টা ৫৬ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ২ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূপর্যবেক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তার।
তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ১০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।
অধ্যাপক হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ভূকম্পনের উৎস ছিল ঢাকার দক্ষিণ দিকে এবং ঢাকার ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে।”
আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর উৎপত্তিস্থল ছিল ঢাকার পশ্চিম-দক্ষিণে ২১ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৬ ছিল বলেও জানান তিনি।
পর্যবেক্ষণ কেন্দ্র প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা ৩ দশমিক ২ বলে জানালেও পরে জানায়, এর মাত্রা ৪ দশমিক ২।
অধ্যাপক হুমায়ুন জানান, এর আগে সর্বশেষ ২০০০ সালের ১৯ ডিসেম্বর ঢাকায় ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
ঢাকার মিরপুর, উত্তরা ও বাসাবো থেকে কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানান। উত্তরায় ভবনগুলো বেশ দুলে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঢাকার আশপাশের জেলাগুলোতেও ভূকম্পন অনুভূত হয়। তবে কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০৯১২ ঘ.
bdnews24