২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শিলাসহ ঝড়ো বৃষ্টি

রাজধানীতে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয়েছে শনিবার সন্ধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয়েছে শনিবার সন্ধ্যায়। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার ছিল বলে জানান আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে সন্ধ্যায় যানজটের পাশাপাশি কোথাও কোথাও কমে যায় যান চলাচল। অনেক এলাকায় পানিও জমে যায়। রাতে আবুল কালাম জানান, চৈত্রের শুরুতে পশ্চিমা লঘুচাপের প্রভাবে এ ধরনের আবহাওয়া দেশের বিস্তীর্ণ এলাকায় বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ সময় কালবৈশাখীর প্রভাব থাকে বেশি। পড়ন্ত বিকালে আকস্মিকভাবে ঝড়ো হাওয়া ও শিলাসহ বজ্র বৃষ্টিও হতে পারে। শনিবার বিকাল থেকে সন্ধ্যায় এমন আবহাওয়ায় শিলা বৃষ্টি হয়েছে। এটা স্বাভাবিক।” আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে সন্ধ্যায় এক ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। ঢাকা ছাড়াও যশোর, কুষ্টিয়া ও সিলেট অঞ্চলে হালকা বৃষ্টি হয়। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট তৈরি হয়। ঘরে ফেরা মানুষ বেশ দুর্ভোগে পড়ে। ঝড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টিতে যান চলাচল ব্যাহত হয়। সন্ধ্যায় ঢাকা তোরণ থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত রাস্তার একপাশে পানি জমে যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তর রোববারের পূর্বাভাসে বলেছে, এদিন ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলসহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বজ্র বৃষ্টি হতে পারে। মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্র-ঝড় ও দেশের অন্যত্র তিন থেকে চার দিন হালকা/ মাঝারি কালবোশেখি/ বজ্র-ঝড় হতে পারে। মার্চ মাসে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বেড়ে প্রায় ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএইচ/পিডি/২১২৯ ঘ.