সাভার, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের পৌর এলাকায় এক নববধূর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে বাড্ডা ভাটপাড়া মহল্লার অগ্রণী হাউজিং সোসাইটি থেকে শাবানা খাতুনের (২০) লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তাকৃতরা হলেন- শাবানার স্বামী নাজমুল হক (২৫), তার বাবা রমজান আলী (৩৬) ও মা নাছিমা খাতুম (৩২)।
শাবানা নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ভাতকু- এলাকার ইসমাইল হোসেনের মেয়ে। নাজমুলের বাড়িও নওগাঁয়। শাবানা সাভারের আল-মুসলিম পোশাক কারখানায় কাজ করতেন।
মাসখানেক আগে রিকশাচালক নাজমুলের সঙ্গে শাবানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে বাড্ডা ভাটপাড়া এলাকায় শম্ভু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিয়ের পর থেকে প্রায়ই শাবানাকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করা হতো।
ভোর রাতে যে কোনো একসময় বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অগ্রণী হাউজিং সোসাইটির ভেতরে নিয়ে শরীরে কেরোসিন ঢেলে শাবানাকে পুড়িয়ে হত্যা করা হয়।
এদিকে গ্রেপ্তার রমজান আলী থানা হাজতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা শাবানার কাছে কোনো যৌতুক চাননি বা নির্যাতন করেননি।
“রাতে শাবানা তার ছোট ননদ তানজিমার সঙ্গে ঘুমিয়ে ছিল। সকালে শাবানাকে না পেয়ে ফোনে তার বাবাকে নিখোঁজের সংবাদ জানানো হয়। পড়ে লোকজনের কাছে খবর পেয়ে শাবানার পোড়া দেহ সনাক্ত করি।”
ওসি জানান, শাবানার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। তারা নওগাঁ থেকে এলে মামলা করা হবে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১১ ঘ.
bdnews24