২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চডুবির ৪ দিন পর আরো দুটি লাশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় লঞ্চডুবির চার দিন পরও মেঘনা নদীতে ভেসে উঠছে লাশ। শনিবার আরো দুটি লাশ উদ্ধারের পর এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 06:06 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

মুন্সীগঞ্জ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়ায় লঞ্চডুবির চার দিন পরও মেঘনা নদীতে ভেসে উঠছে লাশ। শনিবার আরো দুইটি লাশ উদ্ধারের পর এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। শরীয়তপুরের নড়িয়া থেকে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার কাছে দুর্ঘটনায় পড়ে এমভি শরিয়তপুর-১ নামের দ্বিতল লঞ্চটি। উদ্ধার পাওয়া যাত্রীরা বলেছেন, একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে তাৎক্ষণিকভাবে লঞ্চটি ডুবে যায়। সেদিন রাতেই আরেকটি লঞ্চের সহায়তায় ২৫-৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। যদিও মোট ৬০ জন সেদিন সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন বলে দাবি করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। দুর্ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে নৌ বাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মীরা। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ঘটনাস্থলে পৌঁছানোর পর বুধবার বিকেলে মেঘনার মূল চ্যানেলের চরকিশোরী এলাকায় প্রায় ৭০ ফুট পানির নিচ থেকে লঞ্চটি টেনে তুলে তীরের কাছে নিয়ে যাওয়া হয়। ওইদিন রাতেই দুর্ঘটনাকবলিত লঞ্চটি গজারিয়া থানার ওসি শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় বলে রুস্তমের কমান্ডার ফজলুর রহমান জানান। কিন্তু বৃহস্পতি ও শুক্রবারও নদীর বিভিন্ন স্থানে লাশ ভেসে উঠতে থাকে। গজারিয়া থানার ওসি শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলের এক কিলোমিটার দক্ষিণে চর ঝাপটা থেকে শনিবার সকালে পাওয়া যায় আরো দুটি লাশ। এ লঞ্চডুবির ঘটনায় গত বৃহস্পতিবারই গজারিয়া থানায় একটি মামলা হয়েছে। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর এ দুর্ঘটনার কারণ তদন্তে তিনটি কমিটি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২০১ ঘ.