২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 05:44 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

গোপালগঞ্জ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সরকারের পাশাপাশি নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো। দিনটি পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস হিসাবে। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে কার্যত তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোরেই বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশের আওয়ামী লীগ কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানও সেখানে যান ১০টা ২০ এ। সাড়ে ১০টায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় গার্ড অব অনার দেয়। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় গ্রন্থমেলা ও শিশু-কিশোর সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়া রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/১১৪০ ঘ.