২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশীয় ড্রেজার নদীভাঙনের প্রধান কারণ: মন্ত্রী

অবৈধভাবে ব্যবহৃত দেশীয় খননযন্ত্রগুলোকে (ড্রেজার) নদীভাঙনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 05:42 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ব্যবহৃত দেশীয় খননযন্ত্রগুলোকে (ড্রেজার) নদীভাঙনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, “বিভিন্ন পর্যায়ের সমীক্ষায় দেখা গেছে অবৈধ এসব খননযন্ত্রের জন্যই নদীভাঙন বেশি হচ্ছে।” “অথচ এগুলো ব্যবহারে মন্ত্রণালয়ের কোনো অনুমতি নেই” উল্লেখ করে মন্ত্রী বলেন, “তাই এগুলো ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।” এ সবের অবৈধ ব্যবহার বন্ধে ভূমি মন্ত্রণালয়ের বালু উত্তোলন অনুমোদন সংক্রান্ত জাতীয় কমিটি আগামী সপ্তাহে সভা করবে বলেও জানান তিনি। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সবের ব্যবহার নিষিদ্ধ করতে জেলা পর্যায়ের কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে টাস্কফোর্সের সিদ্ধান্ত বাস্তবায়ন, অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ ও নদী-ভাঙ্গন রোধ এবং নৌপথে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত এক সভা শেষে বৃহস্পতিবার নৌমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্কফোর্সের প্রধান নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, অবৈধভাবে বালু উত্তোলন রোধে ভূমি মন্ত্রণালয়ের জাতীয় কমিটিই নির্ধারণ করবে কারা কোন এলাকা থেকে কীভাবে বালু উত্তোলন করবে। এ প্রসঙ্গে নৌপথের আইন-শৃঙ্খলার কথা উল্লেখ করে তিনি বলেন, জনবল সংকটের কারণে নৌপথের আইন-শৃঙ্খলা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় না। রাতে বালুবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার কথা থাকলেও জনবল সংকটের জন্যই তা পর্যবেক্ষণ করা যায় না। এজন্য শিল্প পুলিশের মতো নৌপথের নিরাপত্তায় নৌ-পুলিশ গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বালুবাহী জাহাজের ৯০ শতাংশ পানিতে তলিয়ে থাকে ও বাতি থাকে না। তাই তেমন বোঝা যায় না যা নৌচলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। নদীপথের চাঁদাবাজি বন্ধের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করবে বলেও জানান তিনি। নদী ভরাট বন্ধ ও পরিবেশ রক্ষা প্রসঙ্গে শাজাহান খান বলেন, নদী ভরাট করে পরিবেশ নষ্ট করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ ও বন মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে অভিযান চালিয়ে প্রায় ৭০ কোটি টাকা জরিমানা আদায় করেছে। স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ ও নৌসচিব আব্দুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২৩৩৬ ঘ.