চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর জামালখানে দন্ত চিকিৎসক সেজে চিকিৎসা দেওয়ায় এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে জামাল খানের আজাদ ভবনের ছয় তলায় চেম্বার খুলে বসা দীপক নামের ওই ভুয়া দন্ত চিকিৎসককে এ জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম যূথিকা সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
দীপক মূলত দন্ত টেকনিশিয়ান। তিনি আজাদ ভবনের ষষ্ঠ তলায় টমাস ডেন্টাল ওয়ার্কস নামে একটি চেম্বার খুলে রোগী দেখে আসছিলেন।
দীপকের কাছে সরকারি কোনো প্রতিষ্ঠানের স্বীকৃত সনদ পায়নি আদালত। তিনি আদালতে স্বীকার করেছেন, তার প্রকৃত নাম দীপক মধু হলেও তিনি টমাস দীপক নামে চিকিৎসা চালিয়ে আসছিলেন।
দীপকের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার লেবুবাড়ি গ্রামে। তিনি ডেনিস বাংলাদেশ লেপ্রসি মিশন থেকে ২০০৭ সালে প্যারামেডিক কোর্স সম্পন্ন করেন। কিন্তু তার বিএমডিসি বা সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন নেই।
যুথিকা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীপকের কোনো নিবন্ধন না থাকায় বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ওই ভুয়া চিকিৎসক ভবিষ্যতে আর রোগী দেখে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেবেন না বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে অঙ্গীকার করেছেন বলে যুথিকা সরকার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১০০ ঘ.
bdnews24