২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রযুক্তি পৌঁছাতে হবে কৃষকদের কাছে: প্রধানমন্ত্রী

কৃষি উৎপাদন বাড়াতে সময়োপযোগী কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে তা কৃষকদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি উৎপাদন বাড়াতে সময়োপযোগী কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে তা কৃষকদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকরা যাতে সাশ্রয়ী মূল্যে কৃষি উপকরণ পায়, তা নিশ্চিত করতেও বলেছেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউশনের ভিত্তিফলক উন্মোচন এবং বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করে শেখ হাসিনা এ কথা বলেন। ভূগর্ভস্থ পানি ও রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহারের ফলে পানি ও মাটি দূষিত এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদের অপচয় হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সমস্যা সমাধানে সঠিক কৃষি প্রযুক্তি উদ্ভাবনের জন্য কৃষিবিদদের প্রতি আহ্বান জানান। কৃষি খাতকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন এবং কলকারখানা স্থাপনের ফলে দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে, অন্যদিকে কৃষি পণ্যের চাহিদা বাড়ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সীমিত জমিতে অধিক খাদ্যশস্য উৎপাদন করতে হবে। আবহাওয়া ও পরিবেশ উপযোগী এবং কৃষি গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার চাহিদা অনুযায়ী শস্যের উন্নত জাত উদ্ভাবনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা অপসারণ ও হাওরের পানি নিষ্কাশনের মাধ্যমে পরিকল্পিতভাবে কৃষি জমি বাড়াতে হবে। শস্য বহুমুখীকরণে কৃষি অনুদান তহবিল গঠন করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই তহবিলের পরিমাণ ৪১২ কোটি টাকা। তিনি বলেন, ডাল, তৈলবিজ ও মশলার উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি ঋণের সুদ শতকরা ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাট, চামড়া, চামড়াজাত পণ্য, আলু, হালাল মাংস, শাকসবজি ও ফলের মতো প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে সরকারের সহায়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কৃষিপণ্য রপ্তানিতে ৩০ শতাংশ নগদ প্রণোদনা এবং বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রেয়াত দেওয়া হচ্ছে। সরকার বিগত তিন বছরে গ্রামাঞ্চলে বোরো মওসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিন দফা মূল্য হ্রাস করে সারের দামও কৃষকের নাগালের মধ্যে এনেছে। কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি ড. নিশিত চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস ও কৃষি মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেইন বক্তব্য রাখেন। স্বাগত বক্তৃতা করেন ইনস্টিটিউশনের মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/২০২০ ঘ.