চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় বাড়ির দেয়াল ধসে এক শিশু নিহত ও তার মা আহত হয়েছে।
এ ঘটনায় বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. ইমনের বয়স ছিল চার বছর। তার আহত মা মিনোরা বেগমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বায়েজিদ থানা এলাকার ওয়াজেদিয়া এলাকার আব্দুল আজিজের মালিকানাধীন বাড়ির দেয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে।
থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “এই ঘটনায় বাড়ির দেয়ালের মালিক আব্দুল আজিজকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে।”
অবহেলা করে বাড়ির দেয়াল তৈরির কারণে নিহতের ঘটনা ঘটেছে- এ অভিযোগে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০২৫ ঘ.
bdnews24