চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামে ১১ জনকে পুড়িয়ে হত্যামামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ষষ্ঠ দফায় পিছিয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সৈয়দা হোসনে আরা বেগম আগামী ২ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরুর নতুন তারিখ দিয়েছেন।
গত ২৬ ফেব্রুয়ারি পঞ্চম দফায় সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ পিছিয়ে ছিল।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পিপি নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার আসামি আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানের বিচার কার্যের ওপর উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকায় আদালত সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছেন।
এছাড়া মামলার বাদি বিমল শীল এ ঘটনার সঙ্গে আসামি আমিন চেয়ারম্যান ও অন্য আসামিদের নতুন দুটি ধারায় অভিযুক্ত করতে আদালতে আবেদন না মঞ্জুর হয়। পুনরায় এ আবেদন করে সময় প্রার্থনা করা হয়।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীল পাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে এক দল সন্ত্রাসী আগুন ধরিয়ে দেয়। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদি হয়ে হত্যামামলা করেন।
সাত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম সিআইডি'র সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ গত বছরের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেন।
এরপর গত ১২ সেপ্টেম্বর বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ ৩৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করে আদালত। বাদ পড়েন একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৪৫ ঘ.
bdnews24