চাঁদপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সফিকুল করিম এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- হাজীগঞ্জ উপজেলার পিপিয়া এলাকার মো. আলী শরীফীর ছেলে বাহার উদ্দিন সোহাগ (২০) ও মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকার নুরুল হক প্রধানিয়ার ছেলে মো. খোকন (২১)। তারা সম্পর্কে একে অপরের খালাতো ভাই।
যাবজ্জীবন সাজার পাশাপাশি তাদের ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া পৃথক রায়ে ২০১ ধারায় তাদেরকে পাঁচ বছর সাজা ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথির উদ্বৃতি দিয়ে বাদী পক্ষের আইনজীবী আমান উল্যা জানান, ২০০৮ সালের ৩ আগস্ট চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় ইলিয়াছ মিয়াজীর ছেলে মোবাইল ফোন ব্যবসায়ী ইসমাইল হোসেন (২৪) নিখোঁজ হয়। পরে ৫ অগাস্ট গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ইসমাইলের ভাই ইকবাল হোসেন মিয়াজী মতলব থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বাহার ও খোকনকে আটকের পর তারা আদালতে ইসমাইলকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন ইকবাল-বিন-বাশার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৩২ ঘ.
bdnews24