চাঁদপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া তাদের মোট ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানাও করা হয়।
বুধবার রাতে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেল এ সাজা দেন। পরে তাদের চাঁদপুর জেলহাজতে পাঠানো হয়।
আটককৃতদের মধ্যে মো. সুফিয়ানকে (৪০) এক বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং মো. রবিউলকে (৩৫) ৬ মাস ও ২৫ হাজার টাকা জরিমানা এবং মো. জব্বার আলী (৩২) ও মো. রাকিব সর্দারকে (৩৩) ৬ মাসের করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার আখনের হাট এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় কোস্টগার্ডের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ড্রেজার মেশিনটিও আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬৫২ ঘ.
bdnews24