ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুটি সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল এপ্রিলের মাঝামাঝি সময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী ২৯ মের মধ্যে ডিসিসি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝিতে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।”
দুটি সিটি কর্পোরেশনের নির্বাচন একদিনে হবে, না আলাদা দিনে হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সিইসি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।
তবে দুটি সিটি কর্পোরেশনের ২০ হাজার ভোট কক্ষের মধ্যে প্রায় ১ হাজার ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে বলে জানান সিইসি।
বিএনপিসহ বিরোধী দল ইভিএম নিয়ে আপত্তি জানিয়ে আসছে। এর বিরোধিতা করে স্থানীয় পর্যায়ের কয়েকটি নির্বাচন বর্জনও করে তারা।
ভোটার তালিকা হালনাগাদের ভালোভাবে কাজ এগিয়ে চলছে বলে কাজী রকিব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/এমআই/১৮০৩ ঘ.
bdnews24