২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ সেই ৮ সদস্যের কারাদণ্ড

বাংলাদেশি যুবককে নির্যাতনকারী ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের সেই আট সদস্যের প্রায় তিন মাস কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 06:31 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি যুবককে নির্যাতনকারী ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের সেই আট সদস্যের প্রায় তিন মাস কারাদণ্ড হয়েছে। এরা হলেন- কনস্টেবল বিরেন্দর তিওয়ারি, ভিএস ভিক্টর, ধনঞ্জয় কুমার, আনন্দ সিং, অমর জ্যোতি, সঞ্জীব কুমার, সুরেশ চাঁদ ও সুনীল কুমার। বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিটিআই বুধবার জানায়, তারা ৮৯ দিন থাকবেন বাহিনীর কোয়ার্টার গার্ডে যা কারাগারের সমতুল্য। সাজা ভোগ শেষে আবার কাজে যোগ দেবেন বিএসএফের ১০৫ ব্যাটালিয়নের এ সদস্যরা। বিএসএফের এক কর্মকর্তা বলেন, এই আটজনের একজনকে অতিরিক্ত সাজা হিসাবে হেড কনস্টেবল থেকে কনস্টেবলে পদাবনত করা হয়; কেননা বিএসএফের আইন অনুযায়ী হেড কনস্টেবলকে কারাদণ্ড দেওয়া যায় না। গত ফেব্রুয়ারিতে তাদের বিরুদ্ধে কোর্ট মার্শালের সিদ্ধান্ত নেয় বিএসএফ। ওই আদালতে তাদের এ সাজা হয় বলে জানান কর্মকর্তারা। ভারতের মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশ সীমান্তে বিএসএফের ওই সদস্যরা বাংলাদেশি এক যুবকের পরনের কাপড় ছিড়ে তাকে মারধর করার ভিডিও চিত্র সেদেশেরই বেসরকারি টেলিভিশন এনডিটিভিতে প্রকাশ হয় গত ১৮ জানুয়ারি। ওই দিন সন্ধ্যায়ই ওই সদস্যদের বরখাস্ত করে বিএসএফ। বিএসএফ’র শীর্ষ কর্মকর্তারা জানুয়ারিতে বরখাস্তের দিন বলেছিলেন, ঘটনাটি গত ৯ ডিসেম্বরের। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাহারপাড়া সীমান্ত তল্লাশি চৌকিতে নির্যাতনের এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের ওই যুবককে বিএসএফের নির্যাতনের ঘটনাটির ভিডিও চিত্রটি মোবাইল ফোনে ধারণ করা হয়েছিল। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছিল, ঘুষ দিতে রাজি না হওয়ায় ওই বাংলাদেশিকে নির্দয়ভাবে পেটায় বিএসএফের সদস্যরা। তার জননাঙ্গে পেট্রোলও ঢেলে দেওয়া হয়। সীমান্তে বিএসএফের নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। বিএসএফের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও। হিউম্যান রাইটস ওয়াচ ২০১০ সালের ডিসেম্বরে এক প্রতিবেদনে বলেছে, হত্যা এবং অন্য মানবাধিকার লঙ্ঘনের দায়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) বিচার হওয়া উচিৎ। মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে, গত এক দশকে প্রায় এক হাজার বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছে। নির্যাতনের ঘটনা অসংখ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০০৩০ ঘ.