ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ধারণের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনে সাজানো একটি সামরিক মহড়া হবে।
সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মহড়ার সময় গোলাগুলির শব্দে আশপাশের বাসিন্দা ও নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, সেনাবাহিনীর সহায়তায় পুলিশ এই প্রামাণ্য চিত্র নির্মাণ করছে।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে প্রথম আক্রমণ করেছিল। সেই ঘটনার ওপর ভিত্তি করে ‘রাজারবাগ ৭১’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৭০৯ ঘ.
bdnews24