২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তা বিষয়ে বিতর্ক উৎসব জাবিতে

‘আমাদের পৃথিবী, আমাদের প্রয়াস, ক্ষুধামুক্ত সবুজে নিশ্চিত বসবাস’ এই স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ মার্চ শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 05:06 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘আমাদের পৃথিবী, আমাদের প্রয়াস, ক্ষুধামুক্ত সবুজে নিশ্চিত বসবাস’ এই স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ মার্চ শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। অংশগ্রহণমূলক সেমিনার, ব্যক্তিগত অংশগ্রহণে বক্তৃতা এবং দলগত পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা মিলিয়ে এই আয়োজন ১৮ মার্চ পর্যন্ত চলবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাড্স) আয়োজিত এই উৎসবে পৃষ্ঠপোষকতা করছে ইন্টারন্যাশনাল ফুড সিকিউরিটি নেটওয়ার্ক ও ইউরোপীয় কমিশন, এ্যাকশন এইড বাংলাদেশ এবং এ্যাকটিভিসতা। প্রতিযোগিতার বিষয় নির্ধারণের বিষয়ে আয়োজকরা বলছেন, জাতি, ধর্ম, শ্রেণী ও দেশ নির্বিশেষে একবিংশ শতকে মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো হচ্ছে খাদ্য, কৃষি, বাজার ও এই বিষয়ক অর্থনীতি নিয়ন্ত্রণ, যাকে এক কথায় বলা যায় খাদ্য নিরাপত্তা। ব্যক্তি জীবন ও জাতীয় অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই প্রসঙ্গ নিয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধির জন্যই এই আয়োজন। প্রতিযোগিতায় দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত কলেজ, কৃষি, ডেন্টাল, মেডিক্যাল ও প্রকৌশল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকার বাইরের অংশগ্রহণকারীদের জন্য থাকার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া ঢাকা থেকে প্রতিদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসে যাতায়াতও করা যাবে। প্রতিযোগিতায় অংশ নিতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য, রেজিষ্ট্রার অথবা বিতর্ক সংগঠনের অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ০১৭১৩০৯৫০৬৭, ০১৯১২৭১১০১৬, ০১৬৭৫৮৮৪৫৪১ এই তিনটি মোবাইল ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া www. juds1997.org- এই ওয়েবসাইটেও তথ্য থাকবে। গণমাধ্যম সহযোগী হিসেবে এই আয়োজনে থাকছে চ্যানেল আই, সাপ্তাহিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, রেডিও আমার, সাপ্তাহিক বিপরীত স্রোত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২৩০০ ঘ.